LayOff 2025 : ২০হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করবে ইন্টেল, চলতি সপ্তাহেই হতে পারে বড় ঘোষণা?

বিশ্ববিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল চলতি সপ্তাহেই তাদের মোট কর্মীর ২০ শতাংশেরও বেশি ছাঁটাইয়ের ঘোষণা দিতে চলেছে বলে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে। এর ফলে ইনটেলের ২০ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাতে পারেন, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে অন্যতম বড় ছাঁটাই হতে চলেছে। প্রতিষ্ঠানটির ক্রমবর্ধমান খরচ কমানো এবং প্রশাসনিক জটিলতা হ্রাস করার লক্ষ্যেই এই ব্যাপক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ আরও জানায়, ইনটেলের নতুন প্রধান নির্বাহী লিপ-বু ট্যান (Lip-Bu Tan)-এর নেতৃত্বে গৃহীত ‘পুনর্জাগরণ পরিকল্পনার’ (Revitalization Plan) আওতায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইনটেলের নতুন সিইও হিসেবে লিপ-বু ট্যান দায়িত্ব গ্রহণ করেছেন গত মাসেই। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি সংস্থায় একটি পণ্য-নির্ভর সংস্কৃতি ফিরিয়ে আনার কথা বলেন এবং অতিরিক্ত প্রশাসনিক স্তর (administrative layers) ছেঁটে ফেলার উপর জোর দেন। কোম্পানির কর্মপদ্ধতি সহজ করা, বাড়তি ব্যবস্থাপনা স্তর বাদ দেওয়া, এবং লাভজনক মূল প্রকল্পগুলোর ওপর আরও বেশি গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই এই ব্যাপক ছাঁটাই কার্যক্রম পরিচালিত হবে বলে জানা যাচ্ছে।

এর আগে, ২০২৪ সালের আগস্ট মাসে ইনটেল প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাই করেছিল। তখন প্রধানত প্রশাসনিক, বিপণন, বিক্রয় এবং সহায়ক বিভাগগুলির কর্মীরাই চাকরি হারিয়েছিলেন। উৎপাদন এবং প্রকৌশল বিভাগগুলোকে সেই সময়ে তুলনামূলকভাবে ছাঁটাই থেকে রক্ষা করা হয়েছিল, কারণ ইনটেল তাদের ফাউন্ড্রি (চিপ) ব্যবসার উপর আস্থা রাখছিল এবং প্রতিযোগিতামূলক পণ্য উন্নয়নের উপর জোর দিয়েছিল।

তবে এবার কোন বিভাগ বা কোন ধরনের পদের কর্মীরা এই ছাঁটাইয়ের শিকার হবেন, তা এখনো স্পষ্ট নয়। ২০২৪ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত ইনটেলের মোট কর্মী সংখ্যা ছিল ১ লাখ ৮ হাজার ৯০০ জন। এই সংখ্যার মধ্যে মার্কিন সেমিকন্ডাক্টর কোম্পানি আল্টেরা (Altera)-এরও কয়েক হাজার কর্মী অন্তর্ভুক্ত ছিলেন, যারা বর্তমানে ইনটেল এবং সিলভার লেকের মালিকানাধীন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানে কাজ করছেন। এই বিশাল কর্মী সংখ্যার নিরিখে, প্রস্তাবিত ছাঁটাইয়ের লক্ষ্যমাত্রা ইনটেলের প্রায় সমস্ত মধ্যম স্তরের ব্যবস্থাপনা পদের মোট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। এবার প্রকৌশল বিভাগ এবং তাদের বিভিন্ন প্রকল্পের কর্মীরাও ছাঁটাইয়ের আওতায় আসবেন কিনা, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

উল্লেখযোগ্যভাবে, বর্তমান সিইও লিপ-বু ট্যান এর আগে ইনটেলের পরিচালনা পর্ষদের একজন সদস্য ছিলেন। তৎকালীন সিইও প্যাট গেলসিঙ্গারের (Pat Gelsinger) ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার সঙ্গে মতানৈক্য হওয়ায় তিনি পর্ষদ থেকে পদত্যাগ করেছিলেন। কারণ তখন তিনি আরও বৃহত্তর পরিসরে কর্মী ছাঁটাইয়ের পক্ষে ছিলেন বলে জানা গেছে। মনে করা হচ্ছে, এবার সিইও হিসেবে দায়িত্ব নিয়ে তিনি হয়তো সেই বৃহত্তর ছাঁটাইয়ের পরিকল্পনাকেই বাস্তবায়ন করতে চলেছেন।

তবে কর্মীদের স্বেচ্ছায় অবসর নেওয়ার সুযোগ দেওয়া হবে কিনা, নাকি সরাসরি ছাঁটাই করা হবে— সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি। ইনটেল আগামী বৃহস্পতিবার তাদের ত্রৈমাসিক আয় (Quarterly Earnings) প্রকাশ করতে চলেছে। এই আয় প্রকাশের আগে প্রতিষ্ঠানটি এই ব্যাপক ছাঁটাইয়ের বিষয়ে বড় ধরনের কোনো মন্তব্য করছে না।

তথ্যসূত্র: টমস হার্ডওয়্যার