WhatsApp-নতুন চ্যাটিং থ্রেড চালু করছে, ব্যবহারকারীদের SCAM রুখতে করবে সাহায্য

ব্যবহারকারীদের অনলাইন প্রতারণা বা স্ক্যামের হাত থেকে রক্ষা করতে নতুন এক পদক্ষেপ নিতে চলেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মেটা-মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি সম্প্রতি ঘোষণা করেছে যে তারা একটি নতুন অফিসিয়াল চ্যাটিং থ্রেডের মাধ্যমে ব্যবহারকারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক বার্তা পাঠানো শুরু করবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের চ্যাটিংয়ের তালিকায় সরাসরি হোয়াটসঅ্যাপের একটি মেসেজ দেখতে পাবেন। এই একমুখী আলাপচারিতার মাধ্যমে প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সরবরাহ করবে। প্রাথমিকভাবে, এই বিশেষ মেসেজ যুক্তরাজ্য এবং ইউরোপের সকল ব্যবহারকারীর কাছে পৌঁছাবে। তবে, ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীরা চাইলে এই অপশনটি বন্ধও রাখতে পারবেন।
এই অফিসিয়াল চ্যাটিং থ্রেডের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য অ্যাপে চালু হওয়া নতুন বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য পাঠাবে। এর পাশাপাশি, কীভাবে সন্দেহজনক মেসেজ এবং বিভিন্ন স্ক্যাম শনাক্ত করা যায়, সেই বিষয়েও প্রাইভেসি সেটিংস সামঞ্জস্য করার টিপস দেওয়া হবে।
মেটা জানিয়েছে, এর ফলে ব্যবহারকারীদের আর নিজেদের মতো করে সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক তথ্য খুঁজতে হবে না। বরং হোয়াটসঅ্যাপ সরাসরি তাদের কাছে এই সংক্রান্ত নোটিফিকেশন পৌঁছে দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি আরও জানিয়েছে, যুক্তরাজ্য ও ইউরোপের ব্যবহারকারীরা মঙ্গলবার থেকে এই নতুন চ্যাটিং থ্রেডের প্রথম মেসেজ দেখতে পাবেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যে অনলাইন নিরাপত্তা আইন কার্যকর হতে শুরু করার পর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য অনলাইন নিরাপত্তা জোরদার করার দিকে মনোযোগ দিয়েছে। স্ক্যাম এবং জালিয়াতির মতো অনলাইন অপরাধের বিস্তার রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে, বিভিন্ন সংস্থার পরিসংখ্যান ও গবেষণায় দেখা গেছে, গ্রাহক এবং বিভিন্ন কোম্পানির উপর অনলাইন স্ক্যামের প্রভাব ক্রমশ বাড়ছে। এই মাসের শুরুতেই স্ক্যাম ঠেকানোর পরিষেবা ‘সিফাস’ জানিয়েছে, গত বছর তাদের ডেটাবেইসে রেকর্ড সংখ্যক অনলাইন জালিয়াতির মামলা নথিভুক্ত হয়েছে। এছাড়াও, মার্চ মাসে প্রকাশিত ‘অ্যাকশন ফ্রড’-এর পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ইমেল অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
হোয়াটসঅ্যাপের এই নতুন উদ্যোগ ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতন করবে এবং স্ক্যামের ঝুঁকি কমাতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।