ইন্টারনেটের অর্ধেকের বেশি ডেটা এআই বটের তৈরি! বাড়ছে সাইবার হামলার ঝুঁকি

ইন্টারনেটে এখন যে বিপুল পরিমাণ ডেটা স্থানান্তরিত হচ্ছে, তার অর্ধেকেরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বট তৈরি করছে! সম্প্রতি এক নতুন গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
সাইবার নিরাপত্তা বিষয়ক কোম্পানি ‘ইমপারভা’র বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালে ইন্টারনেটের মোট ওয়েব ট্রাফিকের ৫১ শতাংশের জন্য দায়ী স্বয়ংক্রিয় এবং এআই-চালিত বিভিন্ন বট। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০১৩ সালে কোম্পানিটি ট্র্যাকিং শুরু করার পর থেকে ইন্টারনেট ওয়েব ট্রাফিকে ‘খারাপ বট’-এর উপস্থিতি বর্তমানে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।
গবেষকরা বলছেন, ওপেনএআইয়ের চ্যাটজিপিটি এবং গুগলের জেমিনাইয়ের মতো উন্নত এআই টুলের উত্থান ওয়েব ব্যবহারকারীদের জন্য নতুন সাইবার হুমকির সৃষ্টি করেছে। ‘থ্যালেস সাইবার সিকিউরিটি প্রোডাক্টস’-এর অ্যাপ নিরাপত্তা বিভাগের মহাব্যবস্থাপক টিম চ্যাং এই প্রসঙ্গে বলেন, “এআই-চালিত বট তৈরির প্রবণতা ক্রমশ বাড়ছে, যা বিশ্বজুড়ে ব্যবসার উপর মারাত্মক প্রভাব ফেলছে।”
তিনি আরও বলেন, “মোট ওয়েব কার্যকলাপের অর্ধেকেরও বেশি এখন স্বয়ংক্রিয় বট অ্যাকাউন্টের দখলে। এর ফলে বিভিন্ন কোম্পানির খারাপ বটের ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা প্রতিনিয়ত বাড়ছে।”
এই এআই টুলগুলো স্প্যামিং প্রচারণা চালানো বা ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস’ (ডিডিওএস) সাইবার আক্রমণ চালানোর কাজেও ব্যবহার করা যেতে পারে। ডিডিওএস অ্যাটাকের মাধ্যমে ভুয়া ট্র্যাফিকের বন্যা তৈরি করে ওয়েবসাইটগুলোকে অফলাইনে নিয়ে যাওয়া সম্ভব।
২০২৫ সালের ইমপারভা’র ‘ব্যাড বট রিপোর্ট’ অনুসারে, আর্থিক পরিষেবা, স্বাস্থ্যসেবা এবং ই-বাণিজ্যের মতো শিল্প খাতগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। গত বছর কোম্পানিটি প্রতিদিন গড়ে ২০ লাখ এআই-নির্ভর সাইবার আক্রমণ ট্র্যাক করেছে, যার মধ্যে ৫৪ শতাংশ হামলার জন্য দায়ী ‘বাইটস্পাইডার’ ওয়েব ক্রলার টুল। এই টুলটি টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স তৈরি করেছে।
ইমপারভা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, “সহজে লভ্য এআই টুলের সংখ্যা বৃদ্ধির ফলে সাইবার আক্রমণকারীদের জন্য চ্যালেঞ্জ অনেক কমে গেছে। এর ফলস্বরূপ, তারা ব্যাপক হারে ক্ষতিকর বট তৈরি এবং প্রেরণ করতে সক্ষম হচ্ছে।”
প্রতিবেদনে আরও বলা হয়েছে, “জেনারেটিভ এআই বটের বিকাশ যত সহজ হচ্ছে, বিভিন্ন স্বয়ংক্রিয় বটের হুমকিও তত দ্রুত বাড়ছে। এটি সহজ ও উন্নত উভয় ধরনের খারাপ বটের ক্রমাগত বৃদ্ধিতে প্রভাব ফেলছে।”
ইমপারভার বিশ্লেষণে উঠে এসেছে, সাইবার হামলাকারীরা এখন কেবল বট তৈরির জন্যই নয়, বরং আরও দক্ষতার সঙ্গে নিজেদের গোপন রাখার জন্য নিত্যনতুন কৌশল উদ্ভাবনেও এআইয়ের ব্যবহার করছে। এই পরিস্থিতিতে ইন্টারনেট ব্যবহারকারী এবং ব্যবসা প্রতিষ্ঠান উভয়ের জন্যই সাইবার নিরাপত্তা বিষয়ে আরও সতর্ক থাকা জরুরি।