“জয় অনুসন্ধান”-এর নতুন মন্ত্র! মহীশূরে বিশ্বমানের প্ল্যানেটেরিয়াম উদ্বোধন করে যুবসমাজকে নিয়ে কী বার্তা দিলেন মোদী?

দেশের বিজ্ঞান ও মহাকাশ গবেষণার ইতিহাসে যুক্ত হলো আরও এক বর্ণোজ্জ্বল অধ্যায়। কর্ণাটকের মহীশূরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বিশ্বের প্রথম এলইডি ডোম প্ল্যানেটেরিয়াম— ‘কসমস-মহীশূর’ (COSMOS-Mysuru)। চামুন্ডি পাহাড়ের পাদদেশে মহীশূর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গড়ে ওঠা এই অত্যাধুনিক প্ল্যানেটেরিয়ামটি নির্মাণ করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স (IIA)। শুক্রবার এর উদ্বোধন করে দেশবাসীকে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিজ্ঞানের অগ্রযাত্রা ও চন্দ্রযান-আদিত্য এল১-এর সাফল্য উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী দেশের সাম্প্রতিক বৈজ্ঞানিক সাফল্যের কথা জোরালোভাবে তুলে ধরেন। তিনি বলেন, চন্দ্রযান-৩ থেকে শুরু করে আদিত্য-এল১-এর মতো ঐতিহাসিক মিশনগুলির মাধ্যমে ভারত আজ বিশ্বমঞ্চে মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। সেই সাফল্যের মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত করল এই ‘কসমস-মহীশূর’ প্ল্যানেটেরিয়াম। প্রাচীন ভারতের বৈজ্ঞানিক মনন এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধনের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে উন্নত প্রযুক্তি ও সরঞ্জামের নাগাল না থাকা সত্ত্বেও আমাদের পূর্বসূরিরা যে সমস্ত জটিল গণনা ও আবিষ্কার করেছিলেন, তা সত্যি প্রশংসনীয়।

‘জয় অনুসন্ধান’-এর নতুন মন্ত্র ও তরুণ প্রজন্ম সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ‘জয় জওয়ান, জয় কিষাণ’ স্লোগান এবং অটল বিহারী বাজপেয়ীর তাতে ‘জয় বিজ্ঞান’ সংযোজন করার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, তিনি এর সঙ্গে আরও একটি নতুন শব্দ যুক্ত করেছেন— তা হলো ‘জয় অনুসন্ধান’। একবিংশ শতাব্দীতে এই সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নিয়েই ভারত এগিয়ে চলেছে এবং দেশের যুবসমাজ এই প্রচেষ্টায় অসাধারণ সাফল্য অর্জন করছে।

গত বছর মুম্বাইতে সফলভাবে অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের প্রসঙ্গ টেনে তিনি জানান, যেভাবে দেশের তরুণ প্রজন্ম এতে অংশগ্রহণ করেছে, তা আগামী দিনে বৈজ্ঞানিক কৌতূহল ও গবেষণা বৃদ্ধিতে আরও বড় ভূমিকা নেবে। মহীশূরের এই নতুন প্ল্যানেটেরিয়াম জ্যোতির্বিজ্ঞান অধ্যয়ন ও প্রশিক্ষণের ক্ষেত্রে এক অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *