নাকের চুল উপড়ে ফেলা কতটা বিপজ্জনক জানেন কি? পুরুষদের গ্রুমিংয়ে যে ভুল ভুলেও করবেন না

দাড়ি-গোঁফ ছাঁটা পুরুষদের দৈনন্দিন গ্রুমিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তবে শেভিংয়ের পাশাপাশি নাকের চুল পরিষ্কার বা ট্রিম করা নিয়ে অনেকের মধ্যেই নানা দ্বিধা কাজ করে। অনেকেরই ধারণা, নাকের বাইরে বেরিয়ে থাকা চুল দেখতে অগোছালো লাগে, তাই তা টেনে তুলে ফেলাই বুঝি বুদ্ধিমানের কাজ! কিন্তু চিকিৎসকদের মতে, নাকের চুল কেবল বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়, বরং এটি শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা।
নাকের চুল কেন পুরোপুরি তুলে ফেলা উচিত নয়?
চিকিৎসকদের ভাষায়, নাকের ভেতরের সূক্ষ্ম চুল বা সিলিয়া বাতাসের সঙ্গে শরীরে প্রবেশ করতে চাওয়া ধুলোবালি, পরাগরেণু, ব্যাকটেরিয়া এবং ক্ষতিকর অ্যালার্জেনকে আটকে দেয়। ফলে এগুলো সহজে শ্বাসনালি ও ফুসফুসে পৌঁছাতে পারে না।
অনেকেই চিমটি দিয়ে নাকের চুল টেনে তুলে ফেলেন বা ওয়াক্সিং করেন, যা একেবারেই নিরাপদ নয়। কারণ চুল উপড়ে ফেললে রোমকূপে ছোট ছোট ক্ষত তৈরি হয়। নাকের ভেতরের আর্দ্র পরিবেশে সেখানে সহজেই ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটাতে পারে। বিশেষ করে নাক ও ঠোঁটের মাঝের অংশকে চিকিৎসাবিজ্ঞানে ‘ট্রায়াঙ্গেল অব ডেথ’ (Triangle of Death) বলা হয়, কারণ এই অংশের রক্তনালির সঙ্গে মস্তিষ্কের সরাসরি সংযোগ রয়েছে। ফলে নাকের ভেতরের গুরুতর সংক্রমণ দ্রুত ছড়িয়ে জটিল পরিস্থিতি তৈরি করতে পারে।
নাকের চুল বড় হলে কী করবেন?
নাকের চুল যদি এতটাই বড় হয়ে যায় যে বাইরে থেকে স্পষ্ট দেখা যায়, তবে তা সম্পূর্ণ তুলে না ফেলে নিরাপদে ট্রিম করা উচিত।
ইলেকট্রিক ট্রিমার ব্যবহার: নাকের চুল ছাঁটার জন্য বিশেষভাবে তৈরি ইলেকট্রিক নোজ হেয়ার ট্রিমার ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। এটি চুল না টেনে কেবল অতিরিক্ত অংশটুকু কেটে দেয়।
সেফটি সিজার: কাঁচি ব্যবহার করতে চাইলে অবশ্যই গোল মাথাযুক্ত সেফটি সিজার ব্যবহার করুন। সাধারণ ধারালো কাঁচি ব্যবহার করলে নাকের সংবেদনশীল ত্বক কেটে যাওয়ার মারাত্মক ঝুঁকি থাকে।
কতটুকু ছাঁটবেন: নাকের গভীরে থাকা চুলে হাত না দিয়ে কেবল বাইরে বেরিয়ে থাকা অতিরিক্ত অংশটুকু ছেঁটে ফেলাই যথেষ্ট।
পরিচ্ছন্নতা জরুরি: ট্রিমার বা কাঁচি ব্যবহারের আগে ও পরে ভালোভাবে অ্যালকোহল বা ডেটল দিয়ে জীবাণুমুক্ত করে নিন। নোংরা যন্ত্র ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এবং একই ট্রিমার একাধিক ব্যক্তির ব্যবহার করা থেকে বিরত থাকুন।
গ্রুমিংয়ের উদ্দেশ্য শুধু নিজেকে পরিচ্ছন্ন দেখানো নয়, শরীরের স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থাকেও সম্মান করা। তাই নাকের চুল পুরোপুরি উপড়ে ফেলার বদলে প্রয়োজন হলে কেবল অতিরিক্ত অংশ ট্রিম করুন; এতে আপনার পরিচ্ছন্ন লুক বজায় থাকার পাশাপাশি শ্বাসনালির প্রাকৃতিক সুরক্ষাও অক্ষুণ্ণ থাকবে!