রেস্তোরাঁ নয়, এবার ঘরেই তৈরি করুন কলকাতার আইকনিক চিকেন বিরিয়ানি! জেনে নিন ৭টি সহজ ধাপ

বাঙালির কাছে বিরিয়ানি মানেই এক টুকরো নস্টালজিয়া। সেই সুগন্ধি বাসমতী চাল, নরম তুলতুলে মাংস আর সবশেষে সেই বিশেষ স্বাদের ‘আলু’—সব মিলিয়ে বিরিয়ানি মানেই যেন উৎসব! বাড়িতে রেস্তোরাঁ স্টাইলে বিরিয়ানি তৈরির সহজ ৭টি ধাপ নিচে দেওয়া হলো:
প্রয়োজনীয় উপকরণ: ৫০০ গ্রাম চিকেন, ২টো আলু (মাঝারি), ৪টি ডিম, ৩০০ গ্রাম বাসমতী চাল, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, টক দই, ঘি, বেরেস্তা, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, কেশর ভেজানো দুধ, গরম মশলা (এলাচ, লবঙ্গ, দারুচিনি, জয়ত্রী, স্টার এনিস) এবং সামান্য কেশর রং।
তৈরির সহজ ৭ ধাপ:
১. চিকেন ও আলু ম্যারিনেশন: চিকেন ভালো করে ধুয়ে তাতে টক দই, আদা-রসুন বাটা, লঙ্কা ও ধনে গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে অন্তত ২-৩ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। আলুগুলো নুন ও কেশর রং দিয়ে হালকা ভেজে তুলে রাখুন।
২. বেরেস্তা তৈরি: কড়াইতে সর্ষের তেল ও সাদা তেল মিশিয়ে পেঁয়াজ কুচি ভাজতে থাকুন। সোনালী রঙের বেরেস্তা তৈরি হলে তুলে নিন।
৩. চিকেন কষা: ম্যারিনেট করা চিকেন কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নিন। মাংস সেদ্ধ হতে শুরু করলে পরিমাণমতো জল দিয়ে হালকা গ্রেভি তৈরি করুন।
৪. চাল ও মশলার পুটলি: বাসমতী চাল অন্তত ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। একটি পাতলা কাপড়ে দারুচিনি, মৌরি, এলাচ, বড় এলাচ, স্টার এনিস ও গোলমরিচ দিয়ে একটি ‘পুটলি মশলা’ তৈরি করুন।
৫. ভাত রান্না: বড় পাত্রে জল ফুটিয়ে তাতে পুটলি মশলা, নুন ও চাল দিয়ে দিন। চাল ৮০% সেদ্ধ হলে জল ঝরিয়ে ভাত ছড়িয়ে রাখুন।
৬. লেয়ারিং বা সাজানো: বিরিয়ানির পাত্রের নিচে সামান্য ঘি মাখিয়ে নিন। এবার এক স্তর ভাত, তার ওপর রান্না করা চিকেন, আলু, ডিম, বেরেস্তা ও বিরিয়ানি মশলা ছড়িয়ে দিন। এভাবে কয়েকটা লেয়ার তৈরি করুন।
৭. দমে বসানো: সবশেষে কেওড়া জল, গোলাপ জল, কেশর ভেজানো দুধ এবং কিছুটা ঘি ওপর থেকে ছড়িয়ে দিন। এবার পাত্রের মুখ ভালো করে সিল করে একদম অল্প আঁচে ২০ মিনিট ‘দম’-এ বসিয়ে রাখুন।
ব্যাস! তৈরি আপনার সুগন্ধি ও স্বাদে ভরপুর কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। গরম গরম পরিবেশন করুন আর উপভোগ করুন ছুটির দিনের দুপুরে!