জামাইষষ্ঠীর মেনুতে টুইস্ট! বাসন্তী পোলাও ছেড়ে ট্রাই করুন রাজকীয় ‘চিংড়ি মালাই পোলাও’

বাঙালির জামাইষষ্ঠী মানেই ভুরিভোজের এলাহি আয়োজন। প্রতিবার বাসন্তী পোলাও তো লেগেই থাকে, কিন্তু এবারের জামাইষষ্ঠীতে মেনুতে আনতে পারেন এক রাজকীয় পরিবর্তন। ট্রাই করে দেখুন পুরনো কলকাতার ঐতিহ্যবাহী পদ ‘চিংড়ি মালাই পোলাও’। গোবিন্দভোগ চালের সুগন্ধ, নারকেলের দুধের মিষ্টি স্বাদ আর চিংড়ির দুর্দান্ত কম্বিনেশন আপনার জামাইয়ের মন জয় করতে বাধ্য!

প্রয়োজনীয় উপকরণ:

  • মাঝারি মাপের চিংড়ি মাছ: ২৫০ গ্রাম।

  • গোবিন্দভোগ চাল: ২ কাপ।

  • নারকেলের দুধ: ২.৫ কাপ।

  • পেঁয়াজ বাটা: ২ টেবিল চামচ।

  • গোটা গরম মশলা (এলাচ, দারুচিনি, লবঙ্গ)।

  • কাজু ও কিশমিশ।

  • তেজপাতা, ঘি, নুন ও চিনি (স্বাদমতো)।

  • পোলাওয়ের জল ও আতর (ঐচ্ছিক)।

  • সামান্য হলুদ গুঁড়ো এবং এলাচ-জায়ফল-জয়িত্রী বাটা।

রান্নার পদ্ধতি: ১. প্রথমে চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এতে সামান্য হলুদ গুঁড়ো, এলাচ-জায়ফল-জয়িত্রী বাটা এবং এক চামচ ঘি মিশিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। ২. কড়াইতে ঘি গরম করে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো সামান্য নুন দিয়ে হালকা করে ভেজে নিন। ৩. এরপর তাতে পেঁয়াজ বাটা দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন। মশলা কষানো হলে আধা কাপ নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মিশ্রণটি মাখা মাখা করে রান্না করে নিন। ৪. অন্য একটি পাত্রে অবশিষ্ট নারকেলের দুধ এবং সামান্য জল মিশিয়ে চাল ও মশলা দিয়ে পোলাও রান্না করুন (চালের পরিমাণের ওপর ভিত্তি করে জল দেবেন)। ৫. পোলাও প্রায় হয়ে এলে রান্না করা চিংড়ির মিশ্রণটি ওপরে ছড়িয়ে দিয়ে সামান্য আতর ও পোলাওয়ের জল ছিটিয়ে দিন। হালকা আঁচে ৫-১০ মিনিট ঢেকে রেখে দমে বসান।

ব্যাস! তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের চিংড়ি মালাই পোলাও। পরিবেশনের সময় ওপর দিয়ে ভাজা কাজু ও কিশমিশ ছড়িয়ে দিন। এবারের জামাইষষ্ঠীতে এই নতুন পদটি বানিয়ে প্রিয় জামাইকে চমকে দিন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *