‘মদ্যপান করি না’ বলায় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল চিরঞ্জীবীকে! ৪৮ বছর আগের অজানা কাহিনি ফাঁস

দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী। দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে নিজের অভিনয়গুণে বারবার মুগ্ধ করেছেন দর্শকদের। তবে একসময় স্বপ্ন পূরণের লক্ষ্যে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন অভিনেতা। সম্প্রতি জীবনের এমনই এক অজানা কাহিনি ভাগ করে নিয়েছেন তিনি।

সম্প্রতি হায়দরাবাদে আয়োজিত নেশামুক্ত ভারত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানেই তিনি ভাগ করে নিয়েছিলেন তাঁর অতীত জীবনের অজানা কাহিনি। ৪৮ বছর আগে মাত্র ২২ বছর বয়সী চিরঞ্জীবীর চোখে তখন অভিনেতা হওয়ার একরাশ স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই তিনি ভর্তি হয়েছিলেন চেন্নাইয়ের একটি ফিল্ম ইনস্টিটিউটে।

জীবনের সেই স্মরণীয় দিনগুলির কথা মনে করতে গিয়ে চিরঞ্জীবী জানান, সেই সময় তিনি তাঁর এক বন্ধুর সঙ্গে পন্ডি বাজারে চা খেতে গিয়েছিলেন এবং সেখানে কয়েকজন জুনিয়র আর্টিস্টের সঙ্গে তাঁর দেখা হয়। চিরঞ্জীবীর কথায়, “অনেক অভিনেতা এবং ক্রু সদস্যরা মাঝেমধ্যেই সেখানে সময় কাটাতেন। তাঁরা আমাকে নার্ভাস দেখে বিয়ার পান করার পরামর্শ দিয়েছিলেন।”

কিন্তু তাঁদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে চিরঞ্জীবী জানিয়েছিলেন তিনি মদ্যপান করেন না। যদিও তারপর তাঁদের যুক্তি ছিল সিনেমাজগতে এসব খুব সাধারণ বিষয়। শুধু তাই নয়, তাঁদের দাবি ছিল, “সামাজিকভাবে মেলামেশার জন্য কিংবা সিনেমাজগতে নিজের পরিচয় তৈরি করতে গেলে সবাইকেই একটু-আধটু পার্টি করতে হয়। তাহলে ভালো সুযোগ পাওয়া যায়। তাঁরা বলেছিল বিনোদন জগতে এটা স্বাভাবিক।”

চিরঞ্জীবী একজন হনুমান ভক্ত, তাই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি এসব করতে পারবেন না। এখানেই শেষ নয়, মদ্যপান না করায় সে সময় অভিনেতাকে প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল। তাঁকে বলা হয়েছিল অভিনেতা হওয়ার জন্য অনেকেই চেষ্টা করছেন, তাহলে তিনি নিজেকে নায়ক হওয়ার যোগ্য মনে করেন কেন? সেই সময় বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন অভিনেতা। এই ঘটনার পর আর কখনও পন্ডি বাজারে যাননি তিনি।

তবে চিরঞ্জীবী জানিয়েছেন, ইন্ডাস্ট্রির একজন প্রবীণ সদস্য তাঁকে পরামর্শ দিয়েছিলেন অপ্রয়োজনীয় আড্ডা বা অন্য কারও চাপে নিজের সিদ্ধান্ত বদল না করতে। বরং অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। তারপরেই নিজের লক্ষ্যে অবিচল থাকার সিদ্ধান্ত নেন চিরঞ্জীবী। আর আজ তিনিই দক্ষিণী সিনেমার মেগাস্টার।

চিরঞ্জীবীর কথায়, “আমি যা করতে চেয়েছিলাম তা অর্জন করতে চাই, এটাই আমাকে অনুপ্রাণিত করেছিল। আমি আর কখনও পন্ডি বাজারে ফিরে যাইনি। আমার মনোযোগ ছিল শুধু আমার ভবিষ্যতের দিকে। আর এখন এত বছর পর আমি দাঁড়িয়ে আছি একজন মেগাস্টার হিসেবে।”

এই ঘটনা প্রমাণ করে, নিজের নীতিতে অটল থাকলে এবং লক্ষ্যে অবিচল থাকলে সাফল্য আসবেই। চিরঞ্জীবীর এই অজানা কাহিনি আজ বহু তরুণ অভিনেতার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *