ইংরেজি বুঝতে পারি না’ — ভিডিওর কমেন্টে হাসির ইমোজি দেওয়ার সাফাই ক্যারাটে শিক্ষকের

ইনস্টাগ্রাম ভিডিওর নীচে খারাপ মন্তব্যে ‘হাসির’ ইমোজি দিয়েছিলেন এক ব্যক্তি। আর তাতেই বাঁধে গোলমাল। গুজরাটের সুরাটে ঘটনাটি ঘটে। এই ঘটনার জেরে এক ক্যারাটে শিক্ষককে পুলিশ আটক করেছে।

ক্যারাটে শিক্ষক মহম্মদ শাহাবুদ্দিনের সেই ইমোজি মন্তব্যের স্ক্রিনরেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়। অনেকেই ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। আসলে কী ছিল ভিডিওটিতে? সেখানে একটি মেয়েকে ক্যারাটের ভঙ্গিতে দেখা গিয়েছিল।

পুলিশ নাবালিকা ও তার মা-বাবাকে ডেকে কথা বলে। এক মহিলা পুলিশ অফিসারের সামনে মেয়েটির সঙ্গে আলাদা করে কথা বলা হয়। মেয়েটি জানায়, তার সঙ্গে কোনও খারাপ ব্যবহার বা হেনস্থা হয়নি। তার মা-বাবাও শিক্ষকের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। বরং তাঁরা বলেন, তাঁরা নিজেরাই মেয়েকে ক্লাসে দিয়ে আসেন এবং শিক্ষকের ভিডিও নিজেদের স্ট্যাটাসেও দিয়েছেন।

সাংবাদিকদের সামনে ওই শিক্ষক সাফাই দিয়ে বলেন, ইংরেজিতে লেখা মন্তব্যগুলোর মানে তিনি বুঝতে পারেননি। তাই সেগুলো মোছেননি বা কাউকে ব্লকও করেননি। তিনি জানান, তিনি খুব বেশি লেখাপড়া শেখেননি, শুধু সামান্য হিন্দি পড়তে ও বুঝতে পারেন। খারাপ কিছু লেখা আছে বুঝলে কেন তিনি হাসির ইমোজি দিতেন, সেই প্রশ্নও করেন তিনি।

শাহাবুদ্দিন বলেন, তিনি অনেক দিন ধরে ক্যারাটে শেখান। সেখানে প্রায় ৪০ জন বাচ্চা শিখতে আসে। হাই কিক ও আত্মরক্ষার জন্য দরকার এমন স্ট্রেচিং এবং অনুশীলনের ভিডিও তিনি প্রায়ই ইনস্টাগ্রামে দেন। তিনি আরও জানান, তিনি দর্জির কাজ করেন, সকাল-সন্ধ্যা ক্লাস নেন, বিবাহিত এবং তাঁর দু’টি সন্তান আছে।

পরিবার অভিযোগ না করলেও পুলিশ বিষয়টি ছেড়ে দেয়নি। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ নম্বর ধারায় মহম্মদ শাহাবুদ্দিনকে আটক করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *