শীতে জমজমাট পুরুলিয়া! পর্যটকদের নিরাপত্তায় ১০ দফা নির্দেশিকা জারি জেলা পুলিশের

শীত পড়তেই পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে উঠছে জঙ্গলমহল পুরুলিয়া। অযোধ্যা পাহাড় থেকে আপার ড্যাম, বামনি ফলস—জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে বাড়ছে পর্যটকদের আনাগোনা। আর সেই ভিড় সামাল দিয়ে পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এবার আগাম প্রস্তুতিতে নামল পুরুলিয়া জেলা পুলিশ। পর্যটন মরশুমে বিপুল সংখ্যক পর্যটককে সামলাতে হোটেল, লজ, কটেজ, রিসোর্ট ও হোম স্টে কর্তৃপক্ষের জন্য জারি করা হল ১০ দফা নির্দেশিকা।
রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের দেওয়া ডিসেম্বর মাসে পর্যটক সংখ্যার নিরিখে মিলিয়ন টার্গেট পূরণের লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি এবার সক্রিয় জেলা পুলিশও। অযোধ্যা পাহাড়ে বিভিন্ন দফতর এবং পর্যটন আবাসের কর্তৃপক্ষকে নিয়ে বিশেষ সমন্বয় বৈঠক করেন পুলিশ আধিকারিকরা। রাজ্যে পালাবদলের পর এই প্রথম পর্যটনকেন্দ্রগুলির নিরাপত্তা ও পরিষেবা নিয়ে এত বড় সমন্বয় বৈঠক বলে জানানো হয়েছে।
ট্রাফিক ব্যবস্থার উপর সবচেয়ে বেশি গুরুত্ব: এখন আর অযোধ্যা পাহাড়ে ওঠার জন্য শুধু সিরকাবাদের পাকদণ্ডী রাস্তার উপর নির্ভর করতে হয় না। পাহাড়ে যাতায়াতের জন্য রয়েছে মোট সাতটি রাস্তা। আপার ড্যাম, বামনি ফলস ও অযোধ্যা হিলটপের মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রে যাতে যানজটের সৃষ্টি না হয়, তার জন্য নতুন ট্রাফিক নির্দেশিকা তুলে ধরে পুলিশ। অতীতে আপার ড্যামে ব্যাপক যানজটের একটি ভিডিও দেখিয়ে পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে পর্যটন আবাসের কর্তৃপক্ষকেও সচেতন করা হয়। পাহাড়ি রাস্তার ব্লাইন্ড জোনে আয়না বসানো এবং রাস্তার ধারের ঝোপঝাড় পরিষ্কার রাখার উপরেও জোর দেওয়া হয়েছে।
পর্যটকদের পরিচয় যাচাই নিয়েও কড়া অবস্থান নিয়েছে পুলিশ। কোনও পর্যটক আবাসে যতজন পর্যটক আসবেন, প্রত্যেকের সচিত্র পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। একটি দলে ২৪ জন পর্যটক থাকলেও প্রত্যেকের পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক। প্রত্যেকটি হোটেল, লজ ও রিসোর্টে একজন করে নোডাল ম্যানেজার নিয়োগ করতে হবে, যিনি নিয়মিত পুলিশের সঙ্গে যোগাযোগ রাখবেন।
ঝালদার মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষ জানান, অন্যত্র অপরাধ করে কেউ যাতে অযোধ্যা পাহাড়ে এসে আত্মগোপন করতে না পারে, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। প্রয়োজনে গভীর রাতেও পুলিশ পর্যটক আবাসের রেজিস্টার পরীক্ষা করতে পারবে। এছাড়াও স্থানীয় মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানানোর বার্তা দেওয়া হয়েছে।
পর্যটকদের নিয়ম মানা বাধ্যতামূলক: পর্যটকদের একাংশের তরফে পর্যটন আবাস থেকে দূরে জঙ্গলের মধ্যে ক্যাম্পিংয়ের প্রস্তাব দেওয়া হলেও তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে পুলিশ। এতে বন্যপ্রাণের ক্ষতি, বনাঞ্চলে অগ্নিকাণ্ড এবং স্থানীয় মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। ডিজে সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি শব্দবিধি মেনেই চালাতে হবে পর্যটন আবাস। পর্যটকদের আগমনের সময়ই তাঁদের হাতে সংশ্লিষ্ট নিয়মাবলির প্রচারপত্র তুলে দিতে হবে। কোনও বিধি ভঙ্গ হলে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট হোটেল বা রিসোর্ট কর্তৃপক্ষকে।
অ্যাডভেঞ্চার ট্যুরিজমে বিশেষ নিয়ম: ট্রেকিং, রক ক্লাইম্বিং, ড্রোন ওড়ানো, শুটিং কিংবা রাতে নাইট ট্রেলিং করতে হলে সংশ্লিষ্ট দফতরের অনুমতি বাধ্যতামূলক। তবে পর্যটকদের যাতে অনুমতি পেতে আলাদা করে বিভিন্ন দপ্তরে ছুটতে না হয়, তার জন্য সিঙ্গল উইন্ডো ব্যবস্থা চালু করছে জেলা পুলিশ। পর্যটক আবাসের মাধ্যমে সংশ্লিষ্ট ফাঁড়ি বা থানায় আবেদন জমা পড়লে পুলিশ তা প্রয়োজনীয় দফতরে পাঠিয়ে দেবে। নিয়ম মেনে অনুমতি মিললে পর্যটকদের হাতে তুলে দেওয়া হবে অনুমতিপত্র।
পর্যটকদের সহায়তায় পুলিশ কিয়স্ক: বিভিন্ন পর্যটনকেন্দ্রে থাকবে পুলিশ কিয়স্ক। নতুন উদ্যোগ হিসেবে মোবাইল নেটওয়ার্কের ছায়া অঞ্চল বা মোবাইল শ্যাডো জোনগুলিতেও পুলিশ কিয়স্ক বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলিতে শৌচাগারের অভাব মেটাতে বায়ো-টয়লেট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার উপরেও বিশেষ গুরুত্ব দিয়েছে পুলিশ।
পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, “বদলে গিয়েছে পুরুলিয়া। নির্ভয়ে জঙ্গলমহলে আসুন। শীতের মরশুমে বিপুল সংখ্যক পর্যটক সামলাতে সাধারণ প্রশাসন ও বনদফতরকে সঙ্গে নিয়ে পুরুলিয়া জেলা পুলিশ একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। নির্দেশিকাগুলি সমন্বয় বৈঠকের মাধ্যমে পর্যটন আবাসের কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।”
তিনি জানান, চলতি বছরের জুন মাস পর্যন্ত পুরুলিয়ায় ছয় লক্ষের বেশি পর্যটকের আগমন ঘটেছে। ডিসেম্বরের মধ্যে সেই সংখ্যা দশ লক্ষে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। পুলিশের এই আগাম প্রস্তুতি কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর পর্যটন মহলের। বৈঠকে উপস্থিত ছিলেন পুরুলিয়া বন বিভাগের এডিএফও সায়নী নন্দী এবং বিডিও সৌমিত্রপ্রতীম প্রধান-সহ বিভিন্ন পর্যটন আবাসের প্রতিনিধিরা।
পুলিশের ১০ নির্দেশিকা: ট্রাফিক সচল রাখতে নির্দিষ্ট রুট; পাহাড়ি পথে ব্লাইন্ড জোনে মিরর ও ঝোঁপ সাফাই; সকল পর্যটকের পরিচয়পত্র যাচাই; পর্যটন প্রতিষ্ঠানে নোডাল ম্যানেজার; পুলিশের সিঙ্গল উইন্ডো সিস্টেমে ট্রেকিং, ড্রোন, শুটিং-এ অনুমতি; স্থানীয় মানুষদের সংস্কৃতি নিয়ে সচেতনতা ও সম্মান; রাতে যত্রতত্র ক্যাম্পিং নয়; মোবাইল শ্যাডো জোনে পুলিশ কিয়স্ক বাধ্যতামূলক; সাইট সিয়িং-এ বায়ো টয়লেট; পরিষ্কার-পরিচ্ছন্নতায় পরিবেশবান্ধব পর্যটন।
- Rick Sarkar
- সাগরে ধাওয়া করে নৌকা আটক: নারী-শিশুসহ ৩১৭ জনকে মানবপাচারের হাত থেকে বাঁচাল কোস্ট গার্ড November 29, 2026
- শতরান করেও হারের হতাশায় মিচেল মার্শ! স্যাম কারেনের ঝোড়ো ফিফটিতে ১৮১ তুলে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড November 29, 2026
- ভুয়ো ছবি ছড়ানোর জেরে আইন হাতে তুলে নেওয়ার অভিযোগ! হাওড়ার ডোমজুড়ে চাঞ্চল্য, তদন্তে পুলিশ November 29, 2026
- সৈয়দ মুস্তাক আলিতে ২৩০ স্ট্রাইক রেট! ভারতের জার্সিতে ফেরার লড়াইয়ে সূর্যর বড় বার্তা November 29, 2026
- এএমটি বনাম টর্ক কনভার্টার: কম দামের এসইউভি ও এমপিভিতে মসৃণ গিয়ার বদলের সেরা বিকল্প কোনটি? November 29, 2026