সরাসরি ফিনালেতে জিতু, কিন্তু কীভাবে? ঘরের ভেতর ক্ষোভের আগুন, সোশ্যাল মিডিয়ায় কী বললেন নবনীতা দাস?

টিকিট টু ফিনালে জিতে চরম বিতর্কে জিতু কমল, সৌরভের চোট ও নবনীতার ইঙ্গিতপূর্ণ পোস্ট
বিতর্ক আর জিতু কমল যেন মুদ্রার এপিঠ ওপিঠ হয়ে দাঁড়িয়েছে। বিগ বস বাংলার ঘরে গিয়ে বারে বারেই নানা বিতর্কে জড়িয়েছেন এই অভিনেতা। কখনও শ্রীজলা গুহর সঙ্গে সম্পর্ক নিয়ে চর্চা, আবার কখনও টাস্ক পারফর্ম করতে গিয়ে বাড়ির অন্যান্য সদস্যদের এমনকি সোশ্যাল মিডিয়ারও কটাক্ষের মুখে পড়েছেন জিতু। তবে শেষ দিনের ‘টিকিট টু ফিনালে’ টাস্কে সৌরভ দাসকে হারিয়ে একেবারে সরাসরি ফিনালেতে পৌঁছে গেছেন তিনি; কিন্তু জিতু যেভাবে এই টাস্কে জিতেছেন, তা নিয়েই এখন জোর প্রশ্ন উঠতে শুরু করেছে।
কী ঘটেছিল রিক্সার টাস্কে?
জিতু আর সৌরভের টাস্ক ছিল, দুজনকেই একটি রিক্সায় বসে থাকতে হবে। এটি ছিল ধৈর্যের পরীক্ষা; টাস্ক চলাকালীন বাড়ির অন্যান্য সদস্যদের চেষ্টা করার কথা ছিল এই দুই প্রতিযোগীকে রিক্সা থেকে নামানোর। টাস্কের মধ্যে দুজনকে নামানোর জন্য তাঁদের গায়ে বরফ জল ও শেভিং ফোম ঢালা হয়।
এক পর্যায়ে সৌরভকে ধাক্কা মারেন জিতু এবং সামান্য অসাবধানতার কারণে রিক্সা থেকে পড়ে যান সৌরভ। টাস্ক জিতে ‘টিকিট টু ফিনালে’ পেয়ে যান জিতু। এই ঘটনার পর ঘরের কিছু সদস্য রাগে ফেটে পড়েন। রিক্সা থেকে পড়ে গিয়ে আহত হন সৌরভ, তাঁর চিকিৎসারও প্রয়োজন হয় এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই জিতুর ওপর ক্ষোভ উগরে দেন।
দিব্যি নিয়ে অভিযোগ ও জিতুর নাম না করে নবনীতার কটাক্ষ
টাস্ক শেষ হওয়ার পর দুর্নিবার, নিরঞ্জন ও রণিতাদের কাছে এসে সৌরভ জানান যে জিতু শিবজীর দিব্যি দিয়ে বলেছিলেন, তিনি রিক্সা থেকে আগে নেমে যাবেন এবং টাস্ক ছেড়ে দেবেন। সৌরভের কথায়, তিনি জিতুর ওই কথায় বিশ্বাস করেছিলেন, কিন্তু মুহূর্তের অসাবধানতায় সৌরভকে ধাক্কা মারেন জিতু। প্রথম ধাক্কা সামলে নিলেও জিতুর বারবার ধাক্কা সামলাতে পারেননি সৌরভ; রিক্সার একাংশ ভেঙে পড়ে যান তিনি এবং বেশ চোট পান।
জিতু শিবজীর নাম নিয়ে মিথ্যা কথা বলেছেন— এই তথ্য জানার পর বাড়ির কিছু সদস্য থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন। ঠিক এর পরেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন জিতু কমলের প্রাক্তন স্ত্রী নবনীতা দাস। যদিও পোস্টে কারও নাম উল্লেখ করেননি নবনীতা, তবে তিনি লিখেছেন, ভণ্ডামির একটা লিমিট থাকে। এর বেশি আর কোনো মন্তব্য করেননি তিনি, কিন্তু এই সংক্ষিপ্ত পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন চর্চা।