বিহার-ঝাড়খণ্ডের গণ্ডী ছাড়িয়ে বাংলায় ক্রমশ বাড়ছে ছটের উন্মাদনা, মেদিনীপুরের ছবিটা কেমন ছিল?

একদিকে জগদ্ধাত্রী পুজোর আবহ, আর অন্যদিকে সূর্য আরাধনার পবিত্র উৎসবে মেতে উঠল মেদিনীপুর। রবিবার শহরের বিভিন্ন জলাশয় থেকে শুরু করে নদীঘাটগুলিতে ছটপুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বাঙালি ও অ-বাঙালি নির্বিশেষে সমস্ত মানুষ একত্রে এই মহোৎসবে সামিল হয়েছেন। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গান্ধিঘাট, ডিএভি ঘাট, খড়গপুর, ঘাটাল, কেশপুর ও গড়বেতার বিভিন্ন জলভাগে ছট পুজো অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়েছে। পুজোর পাশাপাশি চোখধাঁধানো আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে উৎসবের আমেজ আরও চওড়া হয়। এদিনের এই পুজো পরিকাঠামো খতিয়ে দেখতে এবং সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাতে নৌকায় চড়ে বিভিন্ন ঘাট পরিদর্শন করেন বিধায়ক শঙ্কর কুমার গুছাইত। সোমবার ভোরে সূর্যোদয়ের পর আরও এক প্রস্থ আরাধনায় মেতে উঠবেন পুণ্যার্থীরা।

ঐতিহ্য ও পৌরাণিক প্রেক্ষাপট: ছট পুজো ভারতীয় সংস্কৃতির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সূর্য এবং ষষ্ঠী দেবী বা ছটি মাইয়ার আরাধনা। মূলত সংস্কৃত শব্দ ‘ষষ্ঠী’ থেকে ছট শব্দের উৎপত্তি হয়েছে, যার অর্থ ষষ্ঠ। দীপাবলির পর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই পুজো হয় বলে একে সূর্য ষষ্ঠী ব্রতও বলা হয়। ঋগ্বেদে সূর্য দেবতার উপাসনা এবং প্রকৃতিকে ধন্যবাদ জানানোর উল্লেখ থাকায় ইতিহাসবিদদের মতে এই উৎসবের শিকড় বৈদিক যুগ বা তারও অনেক আগের।

লোককথা অনুযায়ী, বনবাস থেকে অযোধ্যায় ফেরার পর রামচন্দ্র ও সীতা দেবী কার্তিকী ষষ্ঠী তিথিতে সূর্যদেবের উদ্দেশ্যে ব্রত পালন করেছিলেন। এছাড়া মহাভারতের বনবাস পর্বে দ্রৌপদী এই ব্রত রেখেছিলেন বলে বিশ্বাস রয়েছে। এমনকি মহাভারতের অন্যতম যোদ্ধা কর্ণও প্রতিদিন জলে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিতেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী, সৃষ্টির শুরুতে প্রকৃতি দেবীর ষষ্ঠ অংশ থেকে উৎপন্ন হয়েছিলেন দেবী ষষ্ঠী, যিনি শিশুদের রক্ষাকর্ত্রী। রাজা প্রিয়ব্রত এই ব্রত পালন করে মৃত সন্তানকে ফিরে পেয়েছিলেন বলেও পৌরাণিক বিশ্বাস রয়েছে।

চার দিনের কঠোর আচার ও নিয়ম: মূলত বিহার, ঝাড়খণ্ডের পাশাপাশি উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল ও নেপালের তরাই অঞ্চলে এই উৎসবের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। তবে কালক্রমে পরিযায়ী মানুষের হাত ধরে আজ এটি পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই ছড়িয়ে পড়েছে। চারদিনের এই মহাপূজায় অস্তগামী ও উদয়মান দুই সূর্যকেই অর্ঘ্য নিবেদন করা হয়। প্রথম দিনে ব্রতধারী বাড়িঘর পরিষ্কার করে স্নান সেরে শুদ্ধাচারে নিরামিষ ভোজন করেন, যা ‘নহায়-খায়’ নামে পরিচিত। দ্বিতীয় দিন অর্থাৎ ‘খরনা’র দিনে ভক্তরা দিনভর নির্জলা উপবাসের পর সন্ধ্যায় ক্ষীরের ভোগ গ্রহণ করেন। তৃতীয় দিনে নদীর তীরে বা জলাশয়ের ঘাটে গিয়ে অস্তগামী সূর্যকে দুধ অর্পণ বা ‘সন্ধ্যা অর্ঘ্য’ দেওয়া হয়। আর শেষ দিনে ভোরে উদয়মান সূর্যকে অর্ঘ্য প্রদানের মাধ্যমে এই কঠোর ব্রতের সমাপ্তি ঘটে। প্রসাদ হিসেবে বাঁশ নির্মিত সুপে ঠেকুয়া, গুড়, মিষ্টান্ন, ভাতের নাড়ু এবং নানা ফল বিতরণ করা হয়।

ভক্তদের উচ্ছ্বাস ও মেদিনীপুরের ছবি: মেদিনীপুরে ছট পুজো উপলক্ষে পুণ্যার্থী পুনম মিশ্র ও রামজি মিশ্র জানান, পরিবারের সুখসমৃদ্ধি এবং ব্যবসার উন্নতির কামনায় প্রতি বছরই তাঁরা এই আরাধনায় অংশ নেন। সারাদিন উপোস থাকার পর সোমবার পুজো সম্পন্ন করে তবেই তাঁরা এই নির্জলা উপবাস ভাঙবেন। অন্যদিকে বিবেক নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, এটি সম্পূর্ণ আস্থার একটি পুজো। এখন বিহারের গণ্ডী ছাড়িয়ে পশ্চিমবঙ্গেও এই পুজোর প্রচলন ও অংশগ্রহণকারী মানুষের সংখ্যা অনেক বেড়েছে। সমাজের সব স্তরের মানুষ একসঙ্গে এই উৎসবে মেতে ওঠেন। সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই পূর্ণাঙ্গ আচার পালনের মধ্য দিয়ে মেদিনীপুরে সমাপ্তি ঘটবে এই মহোৎসবের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *