মুক্তি পেল ‘রঘু ডাকাত’ ছবির টিজার, দেবের প্রথম ঝলকে মুগ্ধ ভক্তরা!

দেব অভিনীত ‘রঘু ডাকাত’ ছবির টিজার সম্প্রতি মুক্তি পেয়েছে, এবং প্রথম ঝলকেই দেবকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে আসন্ন দুর্গাপূজোয় ছবিটি বক্স অফিসে ঝড় তুলবে বলে মনে করছেন তাঁর অনুরাগীরা। এই টিজারে দেবকে ‘মেগাস্টার’ তকমা দেওয়া হয়েছে, যা টলিপাড়ায় আলোচনার নতুন রসদ জুগিয়েছে। উল্লেখ্য, বাংলা সিনেমায় সাধারণত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ এবং দেব – এই তিন তারকাকে ‘সুপারস্টার’ তকমা দিয়ে সম্বোধন করা হয়। এতদিন জিৎ নিজের ছবির প্রচারে ‘সুপারস্টার’ তকমা ব্যবহার করে এসেছেন, তবে এবার দেবের ছবির প্রচারে ‘মেগাস্টার’ তকমা ব্যবহার করায় সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে।
দেবের একজন অনুরাগী এই বিষয়ে মন্তব্য করেছেন, “গত পাঁচ বছরে বাংলা ছবির বক্স অফিসের অঙ্ক দেখলে এটা স্পষ্ট হয়ে যাবে, দেবের দখলে একাধিক ব্লকবাস্টার ছবি রয়েছে। গত পাঁচ বছরের নিরিখে দেবকে অবশ্যই মেগাস্টার বলা যায়।”
এই প্রসঙ্গে ‘খাদান’ ছবির পরিচালক সুজিত দত্ত ফেসবুকে লিখেছেন, “টানা হিট, সুপারহিট, ব্লকবাস্টার দেওয়া স্টার, মেগা কেন আরও বড় ট্যাগ ব্যবহার করলেও করতে পারেন। তাতে আমি অন্তত কোনো প্রকার ঔদ্ধত্য দেখি না। তবে কারও থেকে ধার করে মেগাস্টার দেব লেখার প্রয়োজন নিশ্চয়ই পড়েনি হলফ করে বলতে পারি। বরং বলব অনেক দেরি হলো, এটা বহু আগেই ব্যবহার করার যোগ্যতা দেবদা অর্জন করেছেন।”
শুধু অভিনেতা হিসেবেই নয়, প্রযোজক হিসেবেও দেব গত পাঁচ বছরে বাংলা ছবির উন্নতির জন্য নিরন্তর সংগ্রাম করেছেন। ‘খাদান’ ছবির সময়ে তিনি যেভাবে সিঙ্গেল স্ক্রিনে দর্শকদের কাছে পৌঁছে গিয়েছিলেন, তা প্রমাণ করে যে বাংলা ছবির উন্নতি নিয়ে তিনি ক্রমাগত ভাবনাচিন্তা করছেন। এদিকে দেবকে ঘিরে অনুরাগীদের উন্মাদনাও চোখে পড়ার মতো। ‘রঘু ডাকাত’ আসন্ন দুর্গাপূজোয় বক্স অফিসে কোনো নতুন রেকর্ড গড়বে কিনা, এখন সেটাই দেখার অপেক্ষা।