বাবা হলেন পরমব্রত, ফেসবুকে খুদের পায়ের ছবি পোস্ট করে কী লিখলেন অভিনেতা?

টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তীর পরিবারে এলো নতুন সদস্য। গতকাল, ১লা জুন, কলকাতায় এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পিয়া। বিয়ের দু’বছর পর, ভ্যালেন্টাইনস ডে-এর ঠিক পরের দিন, অর্থাৎ ১৫ই ফেব্রুয়ারি ২০২৫-এ এই তারকা জুটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাবা-মা হওয়ার খবর ঘোষণা করেছিলেন, যা সকলকে চমকে দিয়েছিল।
স্ত্রীর গর্ভাবস্থায় পরমব্রত সবসময় তাঁকে আগলে রাখতেন। কাজের পরে যেটুকু সময় পেতেন, তার সবটুকু তিনি উজাড় করে দিতেন পিয়ার দেখাশোনায়। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। রবিবার সকালে পরমব্রত এবং পিয়ার জীবনে নতুন সদস্যের আগমনের কথা জানতে পেরেই শুভেচ্ছাবার্তা পাঠাতে শুরু করেন সকলে। পিয়ার সহকর্মী রত্নাবলী রায় এবং পরমব্রতর বহুদিনের সহকর্মী তথা বান্ধবী রাইমা সেনও তাঁদের শুভেচ্ছা জানান।
বাবা হওয়ার ঠিক পরের দিন, অর্থাৎ ২রা জুন সকালে পরমব্রত নিজেও ফেসবুকে একটি মিষ্টি পোস্ট করেছেন। একরত্তির দুটি ছোট্ট পায়ের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আমরা আমাদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। যারা আমাদের শুভেচ্ছাবার্তা এবং প্রার্থনা জানিয়েছেন, তাঁদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।” ছবিতে লেখা, “ইটস এ বেবি বয়, আমাদের হৃদয় পূর্ণ হলো, সঙ্গে আমাদের হাতও। পৃথিবীতে তোমায় স্বাগত, জুনিয়র!” ছবিতে দেখা যাচ্ছে, পরমব্রত ও পিয়া পরম মমতায় ছেলের পা আগলে রেখেছেন।
পরমব্রতর এই পোস্টে লোপামুদ্রা মিত্র এবং জোজো-সহ অনেক তারকা তাঁদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।
উল্লেখ্য, বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়াকে বিয়ে করার জন্য সোশ্যাল মিডিয়ায় বহু কটাক্ষের শিকার হতে হয়েছিল পরমব্রতকে। তবে সেই সব বিদ্রুপ উপেক্ষা করে আজ অনেকটাই এগিয়ে গিয়েছেন তাঁরা। এবার এই একরত্তিকে নিয়ে পরম ও পিয়ার নতুন পথচলা শুরু হলো।