কান উৎসবের ভিডিয়ো পোস্ট করলেন ঐশ্বর্য, জুড়ে দিলেন ‘গুরু’ ছবির গান, স্বামীর প্রেমে মজলেন বিশ্বসুন্দরী

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে বলিউড সুন্দরীরা যখন ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে সচেষ্ট, তখন ঐশ্বর্য রাই বচ্চনের সাজ যেন সবাইকে ছাপিয়ে গিয়েছিল। মনীশ মালহোত্রার ডিজাইন করা সাদা বেনারসি, মনিমুক্তো খচিত হার আর এক মাথা সিঁদুরে ঐশ্বর্য যে আক্ষরিক অর্থেই ‘বিশ্বসুন্দরী’, তা আরও একবার প্রমাণ করেছিলেন কান-এর মঞ্চে। সম্প্রতি ঐশ্বর্য তাঁর কান সফরের কিছু ছোট মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেছেন, যার নেপথ্যে ব্যবহার করেছেন স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে অভিনীত ‘গুরু’ ছবির জনপ্রিয় গান।

ঐশ্বর্যর পোস্ট করা ভিডিওটিতে কান চলচ্চিত্র উৎসবে তার বিভিন্ন লুক, অনুষ্ঠানের ভেন্যু এবং মনীশ মালহোত্রার হাতে তৈরি সূক্ষ্ম ও সুন্দর বেনারসির কাজ তুলে ধরা হয়েছে। ডিজাইনার কত যত্ন সহকারে ঐশ্বর্যর কান লুক তৈরি করেছেন, তা এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। ভিডিওর শেষে মনীশ মালহোত্রা এবং মেয়ে আরাধ্যাকে নিয়ে ছবি তোলার মুহূর্তও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঐশ্বর্য।

তবে এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো এর নেপথ্যে বাজানো গান। পুরো ভিডিও জুড়েই ২০০৭ সালের ব্লকবাস্টার ছবি ‘গুরু’-এর ‘তেরে বিনা’ গানটি শোনা গেছে। মনি রত্নম পরিচালিত এই ছবির প্রিমিয়ারের পরেই অভিষেক বচ্চন ঐশ্বর্যকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই, এই সিনেমাটি ঐশ্বর্যের কাছে অত্যন্ত বিশেষ।

 

View this post on Instagram

 

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb)

‘গুরু’ ছবির গান ভিডিওতে ব্যবহার করার ফলে বিগত দুই বছর ধরে চলা ঐশ্বর্য এবং অভিষেকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন যে নিছকই গুজব ছিল, তা আরও একবার স্পষ্ট হয়ে গেছে। যদিও কান চলচ্চিত্র উৎসবে অভিষেক স্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে ঐশ্বর্য যেন প্রতি মুহূর্তে স্বামীকে স্মরণ করেছেন এবং তাঁর প্রতি ভালোবাসার বার্তা দিয়েছেন।