বিপাশা বসুর শারীরিক গঠন নিয়ে কটাক্ষ, নেটিজেনদের কড়া জবাব দিলেন অপরাজিতা

তারকাদের শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করা নতুন কোনো ঘটনা নয়, বিশেষ করে অভিনেত্রীরা প্রায়শই এর শিকার হন। এবার সেই সমালোচনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। সন্তান জন্মের পর কিছুটা স্থূল হওয়ায় নেটিজেনদের একাংশ তাকে নিয়ে রীতিমতো কাটাছেঁড়া শুরু করে দিয়েছে।
একসময়ের ‘হট’ বিপাশা বসু এখন একজন মা। সন্তান জন্মের পর স্বাভাবিকভাবেই অনেক নারীর শরীরে পরিবর্তন আসে, কেউ মোটা হন, কেউ রোগা। বিপাশার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তিনি বর্তমানে কিছুটা স্থূল হয়েছেন, যা নিয়ে তিনি নিজে বিন্দুমাত্র চিন্তিত না হলেও, নেটদুনিয়ার বাসিন্দারা তাকে নিয়ে রীতিমতো ট্রোল শুরু করেছে।
বিপাশার পরিবর্তিত শারীরিক আকৃতি দেখে অনেকে যেমন মজা করছেন, তেমনি কেউ কেউ দাবি করছেন যে এটি হয়তো কৃত্রিমভাবে তৈরি করা কোনও ছবি। যদিও এই প্রসঙ্গে বিপাশা বসুর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি। তবে বাঙালি কন্যে বিপাশা চুপ থাকলেও, তার পক্ষ নিয়ে এবার মুখ খুললেন আরেক বাঙালি অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
অপরাজিতা আঢ্য বরাবরই সোজাসাপ্টা কথা বলতে বিশ্বাসী। বিপাশা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তার অকপট জবাব, “কিছু মানুষ আছে শুধু খারাপ কথা বলার জন্য। এদের পাত্তা দেওয়ার কোনও প্রয়োজন নেই। সুযোগ পেলে রবীন্দ্রনাথকেও এরা ছাড়বে না।”
সোশ্যাল মিডিয়ার নিম্ন রুচি নিয়েও অপরাজিতা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “মানুষের এই নিম্ন রুচির জন্যই আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। এই নোংরামিতে গুরুত্ব দিতে আমার রুচিতে বাঁধে। কেউ আমার চেহারা নিয়ে খারাপ কথা বলবে আর আমি সেই মন্তব্য দেখার জন্য কমেন্ট বক্স খুলে রাখব, তা হতে পারে না।”
প্রসঙ্গত, অপরাজিতা আঢ্য বরাবরই নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাসী। অভিনয়, নাচ এবং পরিবার নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করেন তিনি। রোগা হওয়ার জন্য নয়, বরং সুস্থ থাকার লক্ষ্যেই তিনি নিয়মিত যোগা এবং জুম্বা ক্লাস করেন। অপরাজিতার এই বলিষ্ঠ মন্তব্য তারকাদের প্রতি নেটিজেনদের অহেতুক সমালোচনার বিরুদ্ধে একটি জোরালো বার্তা।