কেরলে আগাম বর্ষা! হিমাচলে হড়পা বান ও ধস, ২৫টি গাড়ির ব্যাপক ক্ষতি

এবারের বর্ষা যেন সময়ের আগেই চলে এল! ১৬ বছরের মধ্যে এই প্রথমবার নির্ধারিত সময়ের অনেক আগেই কেরলে প্রবেশ করেছে বর্ষা। এর প্রভাব দ্রুত অন্যান্য রাজ্যেও পড়তে শুরু করেছে, যার জেরে হিমাচল প্রদেশে শুরু হয়েছে প্রাক-বর্ষার ব্যাপক তাণ্ডব। শনিবার ভারী বৃষ্টির কারণে কুলুতে হঠাৎ করে হড়পা বান ও ধস নেমেছে, যা মে মাসের শেষ থেকেই ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার হিমাচল প্রদেশের কুলু জেলার নির্মন্দের জগৎখানার কাছে ভারী বৃষ্টিতে আকস্মিক হড়পা বান হয়। এর ফলে প্রায় ২০-২৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জলের তোড়ে একাধিক গাড়ি ভেসে গেছে। সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নির্মন্দ মনমোহন সিং জানিয়েছেন, এই মুহূর্তে কোনো হতাহতের খবর না থাকলেও, কমপক্ষে ২৫টি গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের জেরে গতকাল পাহাড় থেকে ধস নামে, যার কারণে রামপুর এবং কিন্নৌরের মধ্যবর্তী হিন্দুস্তান-তিব্বত সড়ক (জাতীয় মহাসড়ক-৫) বন্ধ হয়ে যায়। শতদ্রু নদীর জলও বিপদসীমা অতিক্রম করে বইছে।
মৌসম ভবন জানিয়েছে, আগামী ছ’দিন হিমাচল প্রদেশে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে রাজ্যের ১২টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এই পরিস্থিতি আগামী দিনগুলোতে হিমাচলের জনজীবনকে আরও প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।