পরনে নীল জিন্স, গা খসখসে, সাপের মতো! ‘Naagzilla’র পোস্টারে নাগ ‘কার্তিক’কে দেখেই করণকে ট্রোল নেটিজেনদের

বলিউড পরিচালক-প্রযোজক করণ জোহর তাঁর ধর্মা প্রোডাকশনসের ব্যানারে এবার এক সম্পূর্ণ ভিন্ন ঘরানার ছবি নিয়ে আসছেন। কার্তিক আরিয়ানকে কেন্দ্রীয় চরিত্রে রেখে তিনি প্রযোজনা করতে চলেছেন ‘নাগজিল্লা’ (Naagzilla)। ‘ফুকরে’ সিরিজের পরিচালক মৃগদীপ সিং লাম্বা এই ছবিটি পরিচালনা করবেন এবং ২০২৬ সালের ১৪ আগস্ট নাগপঞ্চমীর শুভ দিনে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

করণ জোহর ইনস্টাগ্রামে সিনেমাটির একটি মোশন পোস্টার শেয়ার করে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ ও বিস্ময় তৈরি করেছেন। পোস্টারে দেখা যাচ্ছে, শার্টবিহীন কার্তিক আরিয়ান একটি সাপের গর্ত থেকে বেরিয়ে শহরের দিকে তাকিয়ে আছেন। তাঁর পরনে নীল জিন্স এবং শরীরের উপরের অংশ রহস্যময় সাপের মতো আঁশযুক্ত।

পোস্টটির ক্যাপশনে করণ জোহর তাঁর নিজস্ব স্টাইলে লিখেছেন, ‘মানুষের গল্প অনেক দেখেছেন, এবার দেখুন সাপের গল্প! #Naagzilla – নাগ লোকের প্রথম কাণ্ড… মজা ছড়াতে আসছে – প্রেমদেশ্বর পেয়ারে চাঁদ… নাগপঞ্চমীতে 🐍 আপনার নিকটবর্তী Sssssinemas-এ – ১৪ আগস্ট ২০২৬-এ।’ ক্যাপশনে ছবির মূল চরিত্রটির নাম ‘প্রেমদেশ্বর পেয়ারে চাঁদ’ বলেও উল্লেখ করা হয়েছে।

করণের শেয়ার করা এই মোশন পোস্টারটি দেখার পর দর্শকদের মধ্যে রীতিমতো মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই নতুন কনসেপ্টে দারুণ উত্তেজিত এবং ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। একজন তো এটিকে একতা কাপুরের ‘নাগিন’ সিরিজের সঙ্গে তুলনা করে বলেছেন, ‘একতা কাপুরের পেটে লাথি তো এটা! হায় ভগবান।’ অর্থাৎ, অনেকে এটিকে নাগ-কেন্দ্রিক গল্পের এক নতুন ও উন্নত সংস্করণ হিসেবে দেখছেন।

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

অন্যদিকে, কিছু দর্শক করণের এই ধরনের ছবি তৈরির সমালোচনা করেছেন। তাঁদের মতে, করণ জোহরের পুরনো ঘরানার সিনেমাগুলিই ভালো ছিল। একজন নেটিজেন লিখেছেন, ‘আর এসব বানাবেন না প্লিস। আমরা আপনার আর্লি টোয়েন্টিজ মিস করছি… এরকম অর্থহীন জিনিস তৈরি করে নিজের আর আমাদের উপর অত্যাচার করবেন না!’ এই ধরনের মন্তব্যগুলি ছবির বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তুলেছে।

আবার ছবির মুক্তির তারিখ ২০২৬ সালের ১৪ আগস্ট হওয়ায় অনেকে মজার মন্তব্যও করেছেন। একজন লিখেছেন, ‘আরে দাঁড়ান। ২০২৬ সালের ১৪ অগস্ট। আরে এবছরের অগস্ট তো আগে আসতে দিন!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘উফফফ বাবা, ২০২৬ সালের ঘোষণা এখনই! সুপারফাস্ট করণ জোহর।’ সব মিলিয়ে, ‘নাগজিল্লা’র ঘোষণা প্রথম দিন থেকেই দর্শকদের কৌতূহল, আলোচনা এবং বিতর্কের কেন্দ্রে চলে এসেছে।