সোশ্যাল মিডিয়ায় সোনু নিগমের নাম করে ভুয়ো বার্তা! ‘রিপোর্ট করুন…’, বললেন গায়ক

জনপ্রিয় গায়ক সোনু নিগম সোশ্যাল মিডিয়ায় তাঁর নামে চলা ভুয়ো অ্যাকাউন্টগুলি সম্পর্কে ভক্তদের সতর্ক করে দিয়েছেন। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করে তিনি জানিয়েছেন, কিছু ব্যক্তি বা গোষ্ঠী তাঁর নাম ব্যবহার করে ভুল তথ্য এবং বিতর্কিত বিষয় ছড়াচ্ছে, যা তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে।

সোনু নিগম স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি গত ৮ বছর ধরে এক্স (আগের টুইটার)-এ সক্রিয় নন। সেখানে তাঁর নামে এমন কিছু অ্যাকাউন্ট রয়েছে যা দেখে অনুরাগীরা বিভ্রান্ত হতে পারেন, কিন্তু সেগুলি অন্য কেউ চালাচ্ছে। তাঁর বার্তা পরিষ্কার: তাঁর টিমের কেউ কোনো কারণে তাঁর পক্ষ থেকে কারো সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন না। যদি কেউ তাঁর টিমের সদস্য পরিচয় দিয়ে হঠাৎ করে আপনার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে খুব সাবধানে তাঁর সঙ্গে কথা বলুন।

নিজের পোস্টে একাধিক স্লাইড শেয়ার করে সোনু নিগম ভক্তদের উদ্দেশে লিখেছেন, “আমার নজরে এসেছে যে কেউ আমার নামের অপব্যবহার করছে স্যোশাল মিডিয়ায়। দয়া করে মনে রাখবেন যে আমার টিমের কেউ কোনও কারণে আমার পক্ষ থেকে কারও সঙ্গে যোগাযোগ করেনি। যদি কেউ আমার টিমের সদস্য বলে দাবি করেন এবং হঠাৎ আপনার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে দয়া করে খুব সাবধানে তাঁর সঙ্গে কথা বলুন।” তিনি আরও বলেছেন, “আমি গত ৮ বছর ধরে টুইটার বা এক্স-এ নেই… যদি আপনি এই ধরনের ভুয়ো অ্যাকাউন্ট থেকে কোনও বার্তা পান, তাহলে দয়া করে রিপোর্ট করুন এবং ব্লক করে দিন।”

এই বিষয়টি অনুরাগীরাই তাঁর নজরে এনেছেন জানিয়ে গায়ক তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “যাঁরা আমার কাছে বিষয়টি তুলে ধরেছেন তাঁদের ধন্যবাদ। আপনাদের সমর্থন এবং বোঝাবুঝির জন্য অনেক ধন্যবাদ।” পোস্টটি শেয়ার করার সময় ক্যাপশনে সোনু নিগম অনুরাগীদের আবারও অনুরোধ করেছেন, “যদি আপনি আমার নামে কোনও সন্দেহজনক বা ভুয়ো বার্তা পান, তাহলে অ্যাকাউন্টটি রিপোর্ট করতে বা ব্লক করতে পারলে খুব ভালো হয়।”

 

View this post on Instagram

 

A post shared by Sonu Nigam (@sonunigamofficial)

প্রসঙ্গত, গায়িকা শ্রেয়া ঘোষালের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কয়েকদিন পরই সোনু নিগম এই সতর্ক বার্তা দিলেন। প্ল্যাটফর্মের সহায়তায় শ্রেয়া অবশ্য তাঁর প্রোফাইল পুনরুদ্ধার করতে পেরেছেন। তারকাদের সোশ্যাল মিডিয়া নিরাপত্তার বিষয়টি এই ঘটনাগুলির মাধ্যমে আবারও সামনে এসেছে।