২০২৬ এই বিয়ের পিঁড়িতে বনি-কৌশানি! কীভাবে শুরু হয়েছিল তাঁদের প্রেম? জানালেন অভিনেতা নিজেই

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় এবং চর্চিত জুটি হলেন বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। কেবল সিনেমার পর্দাতেই নয়, বাস্তবেও তাদের দীর্ঘদিনের সম্পর্ক কারোর অজানা নয়। অভিনয় জগতের পাশাপাশি দুজনে মিলে একটি প্রযোজনা সংস্থাও গড়ে তুলেছেন। তবে তাদের অসংখ্য অনুরাগীদের মনে প্রায়ই একটি প্রশ্ন উঁকি দিত – বনি-কৌশানি কবে সাত পাকে বাঁধা পড়বেন? এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন বনি সেনগুপ্ত। জানালেন এক সুখবর!
সম্প্রতি ‘এইসময় অনলাইন’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের বিয়ে প্রসঙ্গে বনি জানান, তাদের শুভক্ষণ আর খুব বেশি দূরে নেই। দু’জনের কারোরই এখন আর বিয়েতে দেরি করার ইচ্ছে নেই। অভিনেতা জানান, “আমরা সবে একটা ফ্ল্যাট বুক করেছি। সেটা গুছিয়ে পুরোপুরি রেডি হয়ে গেলে, আশা করছি আগামী বছরের (২০২৬) মধ্যেই আমরা বিয়েটা সেরে ফেলতে পারব। দেখা যাক কী হয়।”
জানলে অবাক হবেন, বনি এবং কৌশানির প্রেমের সূত্রপাত কিন্তু হয়েছিল পরিচালক রাজ চক্রবর্তীর একটি ছবির সেট থেকে। যদিও রাজ চক্রবর্তী সরাসরি তাদের সম্পর্কে ভূমিকা নেননি, তবে তার পরিচালিত ছবি ‘পারব না আমি ছাড়তে তোকে’-এর মাধ্যমেই প্রথমবার কাছাকাছি আসেন বনি ও কৌশানি। ২০১৬ সালে এই ছবির হাত ধরেই কৌশানি অভিনয়ে পা রাখেন এবং তার বিপরীতে ছিলেন বনি। পর্দায় তাদের ফ্রেশ জুটি এবং রসায়ন দর্শকদের খুব পছন্দ হয়েছিল এবং খুব তাড়াতাড়িই তাদের পর্দার প্রেম বাস্তবেও ডানা মেলে।
এর আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কের শুরুর কথা বলতে গিয়ে বনি জানিয়েছিলেন, রাজ চক্রবর্তীর অফিসে ওয়ার্কশপ করার সময় কৌশানির সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। তবে প্রেমটা ধীরে ধীরে শ্যুটিং করতে করতে শুরু হয়েছিল। যখন তিনি বুঝতে পারেন কৌশানিকে তিনি মিস করছেন, তখনই তিনি উপলব্ধি করেন যে এটা শুধু বন্ধুত্বের থেকে আরও গভীর কিছু। এরপর রায়চকে শ্যুটিং চলাকালীন বনি কৌশানিকে প্রেম নিবেদন করেন এবং কৌশানিও সেই প্রস্তাবে রাজি হয়ে যান।
বনি এবং কৌশানি তাদের সম্পর্ক নিয়ে কখনোই কোনো রাখঢাক করেননি। প্রথম থেকেই তারা নিজেদের প্রেমের বিষয়ে খোলামেলা থেকেছেন এবং নানা সময়ে অনুরাগীদের সঙ্গে নিজেদের ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নিয়েছেন। বড় পর্দাতেও তাদের জুটি বেশ জনপ্রিয় এবং একসাথে তারা একাধিক রোমান্টিক ছবিতে কাজ করেছেন। এখন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের বাস্তব জীবনের চার হাত এক হওয়ার জন্য।