ট্রেনে অভিনেত্রীকে অশ্লীল প্রস্তাব, নায়িকা জানালেন সেই বীভৎস অভিজ্ঞতার কথা

বর্তমানে দক্ষিণী সিনেমার ব্যস্ত অভিনেত্রী মালবিকা মোহানন। প্রভাস, কার্তি, মোহনলালের মতো তারকা অভিনেতাদের বিপরীতে একাধিক বড় মাপের সিনেমায় কাজ করছেন তিনি। তেলুগু ছবি ‘দ্য রাজা সাব’, তামিল ছবি ‘সর্দার ২’ এবং মালয়ালম ছবি ‘হৃদয়পূর্বম’-এর মতো আলোচিত প্রজেক্টে দেখা যাবে তাকে। তবে এই ঝলমলে ক্যারিয়ার শুরুর আগে মুম্বাই শহরে তার সাধারণ জীবন ছিল এবং সেই সময়ের কিছু অভিজ্ঞতা নারীদের নিরাপত্তা নিয়ে তার ধারণাকে নাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালবিকা মোহানন মুম্বাইয়ের নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন। তার মতে, তারকা হওয়ার পর গাড়ি ও চালক থাকায় তিনি এখন মুম্বাইয়ে নিরাপদ বোধ করলেও কলেজের দিনগুলিতে যখন বাস ও ট্রেনে যাতায়াত করতেন, তখন নিরাপত্তা ছিল ভাগ্যের ব্যাপার।

সেই সময়ের একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি শিউরে ওঠেন। মালবিকা জানান, তখনো নিজের গাড়ি ছিল না। কাজের জন্য লোকাল ট্রেনে যাতায়াত করতেন। একবার রাতে প্রায় সাড়ে নয়টায় দুজন ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে ফার্স্ট ক্লাসের প্রায় ফাঁকা কামরায় জানালার পাশের সিটে বসে ফিরছিলেন তারা।

অভিনেত্রী বলেন, “হঠাৎ এক অচেনা লোক এসে জানালার গ্রিলে মুখ ঠেকিয়ে বলে— ‘এই, একটা চুমু খাবি?’ শুনে আমরা তিনজন চমকে উঠি, আতঙ্কে কাঠ হয়ে যাই! কী করব, কী বলব, বুঝতেই পারিনি। সেই বয়সে তো আত্মরক্ষার কথাও ভাবা যায় না! ভাবছিলাম, ওই লোকটা যদি এবার এই ট্রেনে উঠে পড়ে?”

মালবিকা মোহানন মনে করেন, যে কোনো মেয়েকে, যে বাসে-ট্রেনে-রাস্তায় নিয়মিত যাতায়াত করে, তাকে এই প্রশ্ন করলে সে এমন শত শত ঘটনার কথা বলতে পারবে। তার এই অভিজ্ঞতা আবারও একবার জনপরিসরে নারীদের নিরাপত্তা এবং হয়রানির বিষয়টি সামনে নিয়ে এসেছে। তারকারা সুরক্ষিত জীবন যাপন করলেও সাধারণ মেয়েদের প্রতিদিন নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয় বলে তিনি মনে করেন।