পরিত্যক্ত শিশু কন্যাকে উদ্ধার করে বড় দায়িত্ব নিলেন দিশা পাটানির দিদি, প্রশংসা নেটিজেনদের

বলিউডের গ্ল্যামার জগতে অভিনেত্রী দিশা পাটানিকে অনেকেই চেনেন। কিন্তু পর্দার বাইরের জগতে বাস্তবের এক মানবিক মুখ তুলে ধরেছেন তার দিদি খুশবু পাটানি। রূপে বোনের চেয়ে কিছু কম নন, তবে নিজেকে তিনি নিয়োজিত করেছেন দেশসেবার মহান কাজে। প্রাক্তন সেনা অফিসার (মেজর) খুশবু পাটানি এবার এক পরিত্যক্ত নবজাতক শিশুকন্যাকে উদ্ধার করে কুড়িয়েছেন সকলের প্রশংসা।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরৈলিতে খুশবুদের বাড়ির পেছনের একটি পরিত্যক্ত জায়গায়। সকালে হাঁটতে বেরিয়ে খুশবুর কানে আসে এক শিশুর কান্নার আওয়াজ। আওয়াজ অনুসরণ করে তিনি ওই পরিত্যক্ত বাড়িটিতে পৌঁছে ধুলোবালির মধ্যে অসহায় অবস্থায় পড়ে থাকা সদ্যোজাত কন্যাসন্তানটিকে দেখতে পান। শিশুটির মুখে আঘাতের চিহ্নও ছিল। দেরি না করে, পরম মমতায় শিশুটিকে শান্ত করে সেখান থেকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন খুশবু এবং তার প্রাথমিক শুশ্রুষা করেন। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করিয়েছে এবং বর্তমানে তার চিকিৎসা চলছে।

এই পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন খুশবু পাটানি। তার এই মানবিক পদক্ষেপের জন্য নেটিজেনরা তাকে ‘বাস্তবের হিরোইন’ বলে আখ্যা দিচ্ছেন। পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ পুলিশ ও প্রশাসনকে ট্যাগ করে আবেগঘন বার্তা লিখেছেন। তিনি লেখেন, “জাকো রাখে সাইয়া, মার সাকে না কোই” (যাকে ঈশ্বর রক্ষা করেন, তাকে কেউ মারতে পারে না)। পাশাপাশি তিনি উদ্বেগ প্রকাশ করে লেখেন, “আশা করি কর্তৃপক্ষ ওর সঠিক দেখভাল করবে। দয়া করে দেশের কন্যা সন্তানদের রক্ষা করুন! এই অমানবিকতা আর কতদিন চলবে?” তিনি আরও প্রতিজ্ঞা করেছেন যে, শিশুটি যাতে সঠিক হাতে যায় এবং তার ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, তা নিশ্চিত করার দায়িত্ব তিনি নিজেই নেবেন।

 

View this post on Instagram

 

A post shared by Major Khushboo Patani(KP) (@khushboo_patani)

এদিকে, এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। সার্কেল অফিসার পঙ্কজ শ্রীবাস্তব জানিয়েছেন যে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে শিশুটিকে কে বা কারা এভাবে ফেলে গিয়েছিল, তা চিহ্নিত করার জন্য। খুশবু পাটানির এই সাহসী ও মানবিক কাজ দেশজুড়ে প্রশংসিত হচ্ছে।