OMG! বিদ্যুতের শক খেয়ে ছিটকে পড়েছিল ছাত্র, এক বাইক আরোহী বাঁচালো প্রাণ, দেখুন ভিডিও

প্রবল বর্ষণে জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়া এক স্কুলছাত্রকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করে নতুন জীবন দিলেন চেন্নাইয়ের এক বাসিন্দা। গত বুধবার (১৬ এপ্রিল) চেন্নাইয়ের আরুমবাক্কাম এলাকায় ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং ওই যুবককে বীরের সম্মান জানানো হচ্ছে।

জানা গেছে, প্রবল বৃষ্টির কারণে আরুমবাক্কাম এলাকার মুথুমারি আম্মান কোইল স্ট্রিটে হাঁটু সমান জল জমেছিল। এই জল মাড়িয়ে হেঁটে যাচ্ছিল তৃতীয় শ্রেণির ছাত্র জেডেন রায়েন। দুর্ভাগ্যবশত, মাটির তলার একটি বিদ্যুতের তার ছিঁড়ে জমা জলে পড়ে ছিল, যার সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। বিদ্যুতের শকে ছিটকে সে জনমগ্ন রাস্তার উপর লুটিয়ে পড়ে এবং জ্ঞান হারায়।

ঠিক সেই সময় কান্নান থামিঝসেলভান নামে ২৪ বছর বয়সী এক স্থানীয় যুবক মোটরবাইকে করে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। ঘটনাটি তার নজরে আসতেই বিন্দুমাত্র দেরি না করে কম জল থাকা জায়গায় তিনি তার বাইক থামিয়ে দেন। বিপদ আঁচ করে নিজের জুতো খুলে তিনি দ্রুত ছুটে যান ছাত্রটিকে বাঁচাতে। তার সন্দেহ হয়েছিল যে বিদ্যুতের আঘাতেই ছেলেটি অসুস্থ হয়ে পড়েছে। আশেপাশে লোকজন জমে গেলেও বিদ্যুতের ভয়ে কেউই এগিয়ে আসার সাহস দেখায়নি। কিন্তু কান্নান নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই ছাত্রের হাত ধরে হ্যাঁচকা টানে তাকে বিদ্যুৎযুক্ত জল থেকে সরিয়ে আনেন।

উদ্ধার করার পর কান্নান দ্রুত ছাত্রটির বুকে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর (CPR) দিতে শুরু করেন। জানা গেছে, কান্নান ইউটিউবে ভিডিও দেখে সিপিআর দেওয়া শিখেছিলেন। তার অক্লান্ত প্রচেষ্টায় কিছুক্ষণ পরেই ছাত্রটি সামান্য সাড়া দেয়। সময় নষ্ট না করে কান্নান দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা পাওয়ার পর ছাত্রটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে।

কান্নানের এই সময়োচিত এবং সাহসী পদক্ষেপেই একটি তরতাজা প্রাণ রক্ষা পেয়েছে। তার এই বীরত্বপূর্ণ কাজ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকে তাকে ‘বাস্তবের হিরো’ বলে অভিহিত করছেন। এই ঘটনা জমা জলে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার বিপদ এবং শহরাঞ্চলে বিদ্যুতের পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। স্থানীয় প্রশাসন এবং বিদ্যুৎ পর্ষদ এই ধরনের ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।