‘সত্যি বলে সত্যি কিছু নেই’-র রেকর্ড ভাঙতে চলেছে কিলবিল সোসাইটি! ৭ দিনে কত আয় করল সৃজিতের ছবি?

সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানি মুখোপাধ্যায় অভিনীত এই ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে। শুধু তাই নয়, মনে করা হচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নিজেই নিজের পুরনো রেকর্ড ভাঙতে চলেছেন। মুক্তির মাত্র সাত দিনেই ‘কিলবিল সোসাইটি’ তাঁর আগের ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর লাইফটাইম কালেকশনকে ছুঁতে চলেছে।
ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ‘কিলবিল সোসাইটি’ বক্স অফিসে ১১ লাখ ৮৯ হাজার টাকার ব্যবসা করেছে। ফলে প্রথম সাত দিনে এই ছবির মোট আয় দাঁড়িয়েছে ১ কোটি ৪৭ লাখ টাকা।
উল্লেখ্য, মুক্তির প্রথম দিন ‘কিলবিল সোসাইটি’ ১১ লাখ ৫০ হাজার টাকা আয় করেছিল। এরপর শনি ও রবিবার সেই আয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ে। দ্বিতীয় ও তৃতীয় দিনে ছবিটি যথাক্রমে ২৪ লাখ ২৫ হাজার এবং ৩৪ লাখ ২৫ হাজার টাকা আয় করে। সোমবার আয়ের পরিমাণ কিছুটা কমে ১৮ লাখ ১২ হাজার টাকা হলেও, পয়লা বৈশাখের দিন ছবিটি ফের ভালো ব্যবসা করে এবং ৩৭ লাখ ৭ হাজার টাকা ঘরে তোলে। তবে বুধবার আয় ফের কমে ১০ লাখ টাকায় দাঁড়ায়।
এই বছরের জানুয়ারি মাসে মুক্তি পাওয়া সৃজিতের আগের ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ বক্স অফিসে প্রায় দেড় কোটি টাকার ব্যবসা করেছিল। ‘কিলবিল সোসাইটি’-র প্রথম সপ্তাহের আয় যেভাবে এগোচ্ছে, তাতে অনায়াসেই বলা যায় যে খুব শীঘ্রই এই ছবিটি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর মোট আয়কে ছাড়িয়ে যাবে।
‘কিলবিল সোসাইটি’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে আনন্দ কর ওরফে মৃত্যুঞ্জয়ের চরিত্রে। কৌশানি মুখোপাধ্যায় ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন এবং বিশ্বনাথ বসু প্রমুখ। অনুপম রায় ও রণজয় ভট্টাচার্য এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন। গত ১১ এপ্রিল ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।