ঘর আলো করে এলো ছোট্ট অতিথি, রাহুল-আথিয়ার কোল জুড়ে ছেলে এল না মেয়ে?

সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের উচ্ছ্বাসের মাঝেই আরও এক সুখবর এল ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলের জীবনে। ভারতকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রাহুল বিশ্রামের পর সরাসরি আইপিএলে নামতে প্রস্তুত ছিলেন। এতদিন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক থাকলেও এবার যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসে। প্রাক্তন দলের বিরুদ্ধেই আইপিএল অভিযান শুরু করার কথা ছিল তাঁর। বিশাখাপত্তনমে দলের সঙ্গে প্রস্তুতিও শুরু করেছিলেন। কিন্তু ম্যাচের ঠিক আগে হঠাৎ জানা যায়, ব্যক্তিগত কারণে তিনি খেলতে পারবেন না।
ঠিক তখনই এল সুখবর! দিল্লি ক্যাপিটালস যখন মাঠে, রাহুল তখন নতুন জীবনের ইনিংস শুরু করছেন। বলিউড অভিনেত্রী ও তাঁর স্ত্রী আথিয়া শেট্টির কোল আলো করে এল ফুটফুটে কন্যাসন্তান। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে এই আনন্দের খবর ভাগ করে নিয়েছেন তাঁরা।
২০১৯ সালে বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টির সঙ্গে সম্পর্ক শুরু করেন রাহুল। যদিও প্রথমে সম্পর্ক লুকিয়ে রেখেছিলেন, পরে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে পোস্ট করতে শুরু করেন দু’জনেই। অবশেষে ২০২৩ সালের ২৩ জানুয়ারি ছিমছাম এক অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। দুই বছর পর সেই দাম্পত্যে নতুন আনন্দের ছোঁয়া।
রাহুল-আথিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউড তারকারা। নতুন সদস্যকে স্বাগত জানাতে শুভেচ্ছার বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়।