নাশপাতি ৩৫০, বেদানা ২২০, ফল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা!

শাকসবজির দাম প্রতিদিনই বাড়ছে। ডাল-ভাত খেতেও বাজেটের হিসাব কষতে হচ্ছে। তবে শরীর সুস্থ রাখতে ফল খাওয়া জরুরি। কিন্তু সাধারণ মানুষের দাবি, এখন ফল কিনতে গেলেই পকেটে পড়ছে চাপ। গত তিন বছরে ফলের দাম লাফিয়ে বেড়েছে। TV9 বাংলা বাজারে গিয়ে খোঁজ নিয়ে দেখেছে, কিছু কিছু ফলের দাম দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেড়েছে।

কোন ফলে কত দাম?
আপেল – ২৫০ টাকা প্রতি কেজি

মুসম্বি – ১৫০ টাকা প্রতি ডজন

আঙুর – ১২০ টাকা প্রতি কেজি

পেঁপে – ৮০ টাকা প্রতি কেজি

তরমুজ – ২৫-৩০ টাকা প্রতি কেজি

বেদানা – ২০০-২২০ টাকা প্রতি কেজি

শশা – ৭০-৮০ টাকা প্রতি কেজি

সাকালু – ৫০ টাকা প্রতি কেজি

কাঁঠালি কলা – ৫০-৬০ টাকা প্রতি ডজন

ফলের দামে লাগামছাড়া বৃদ্ধি
বিক্রেতাদের মতে, তিন বছর আগেও ফলের দাম অনেকটাই কম ছিল। আপেল তখন ২২০-২৫০ টাকা প্রতি কেজি বিকোত, মুসম্বির প্রতি পিসের দাম ছিল ১০ টাকা, যা এখন বেড়ে ১৩ টাকা হয়েছে। পেঁপেসহ বেশিরভাগ ফলের দাম গড়ে ২৫-৩০ টাকা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে নাশপাতির দাম। কয়েক বছর আগে ২০০ টাকা কেজি থাকলেও, এখন তা বেড়ে ৩৫০ টাকা হয়েছে। ফলন কম এবং আমদানির উপর নির্ভরতা বৃদ্ধির কারণেই এই দাম বৃদ্ধি।

অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, আগের মতো সহজে ফল কেনা সম্ভব হচ্ছে না। এক ক্রেতা বলেন, “তিন বছর আগে ৫০-৬০ টাকায় বেশ কিছু ফল কেনা যেত, এখন সেটাই প্রায় ২০০ টাকার কাছাকাছি পৌঁছেছে।”