অ্যানিম্যাল-পাঠান-কেও চাপিয়ে গেলো ‘ছাবা’! ৩১ দিনে মোট আয় শুনলে চক্ষু হবে চড়কগাছ

ভিকি কৌশল এবং রশ্মিকা মন্দানা অভিনীত ‘ছাভা’ মুক্তির পাঁচ সপ্তাহ পরেও বক্স অফিসে দাপট দেখিয়ে চলেছে। বছরের সবচেয়ে বেশি আয়কারী ছবির তালিকায় শীর্ষস্থান তো দখল করেছেই, পাশাপাশি শাহরুখ খানের ‘পাঠান’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-এর আয়কেও পেছনে ফেলেছে এই ঐতিহাসিক ড্রামা।
ট্রেড অ্যানালিটিক্স সংস্থা স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, মুক্তির ৩১তম দিনে (পঞ্চম রবিবার) ‘ছাভা’ আয় করেছে ৮ কোটি টাকা। যার মধ্যে হিন্দিতে ৭.২৫ কোটি এবং তেলেগুতে ০.৭৫ কোটি। এই নিয়ে ছবির মোট ঘরোয়া বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ৫৬২.৬৫ কোটি টাকা (হিন্দি: ৫৪৮.৭ কোটি, তেলেগু: ১৩.৯৫ কোটি)। ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া এই ছবি ইতিমধ্যেই অ্যানিমেল ও পাঠানের মতো ব্লকবাস্টারকে টক্কর দিয়েছে।
রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছিল এবং ভারতের বক্স অফিসে আয় করেছিল ৫৫৩.৮৭ কোটি। কিন্তু ‘ছাভা’ সেই রেকর্ড পেরিয়ে গিয়েছে। শুধু তাই নয়, শাহরুখ খানের ‘পাঠান’-এরও ঘরোয়া আয় ছিল ৫৪৩.০৯ কোটি, সেটিও ছাড়িয়ে গেছে ‘ছাভা’!
লক্ষ্মণ উতেকর পরিচালিত ‘ছাভা’ ছবিটি মারাঠি লেখক শিবাজি সাওয়ান্তের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে নির্মিত। এটি ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র সম্ভাজি মহারাজের জীবনী তুলে ধরেছে। ভিকি কৌশল নামভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন, আর অক্ষয় খান্না মুঘল সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে নজর কেড়েছেন। ছবিতে রশ্মিকা মন্দানা, দিব্যা দত্ত, ও ডায়ানা পেন্টিও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।
গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত ৯৮তম অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনে ‘ছাভা’ প্রসঙ্গে কথা বলেন। তিনি ছবিটির প্রশংসা করে বলেন,“মারাঠি ও হিন্দি সিনেমার ক্ষেত্রে মহারাষ্ট্রের বিশাল অবদান রয়েছে, আর ‘ছাভা’-র সাফল্য সেটাকেই আরও একবার প্রমাণ করল। শিবাজি সাওয়ান্তের উপন্যাসের মাধ্যমে আমরা সম্ভাজি মহারাজের বীরত্বের গল্প জানতে পারি।”
‘ছাভা’-র অপ্রতিরোধ্য সাফল্য প্রমাণ করছে, ঐতিহাসিক কাহিনীগুলিও বক্স অফিসে আধিপত্য বিস্তার করতে পারে। এই ছবির জনপ্রিয়তা এবং দর্শকদের ভালোবাসা এটিকে আরও দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রে রাখবে।