পা ছুঁয়ে প্রসেনজিৎকে প্রণাম শ্রাবন্তীর, নায়িকাকে আদর করে ‘মেয়ে’ বললেন বুম্বাদা!

৯০-এর দশকের কথা, ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল বাংলা ছবি ‘মায়ার বাঁধন’। সেই ছবিতে নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কন্যার ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তখন তিনি ছিলেন শিশু শিল্পী। কালের নিয়মে সময় বদলেছে, ২০২৩ সালে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’-এ শ্রাবন্তী প্রসেনজিতের নায়িকা হয়ে ওঠেন।
এবার আরও একবার বড় পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী। তাঁদের আসন্ন ছবি ‘দেবী চৌধুরানী’-তে ভবানী পাঠকের চরিত্রে থাকবেন প্রসেনজিৎ, আর শ্রাবন্তী রূপদান করবেন দেবী চৌধুরানীর চরিত্রে। সম্প্রতি এক স্টেজ শো-তে প্রসেনজিৎ শ্রাবন্তীকে জনসমক্ষে ‘মেয়ে’ বলে সম্বোধন করেন।
শ্রাবন্তীর কাঁধে হাত রেখে প্রসেনজিৎ বলেন, ‘অনেক বছর আগে ‘মায়ার বাঁধন’ নামে একটা ছবি হয়েছিল, যেখানে শ্রাবন্তী আমার মেয়ের চরিত্রে ছিল। তারপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’-এ ও আমার নায়িকা হয়েছিল। আর এবার ‘দেবী চৌধুরানী’-তে ও আমার সঙ্গে অভিনয় করছে।’ প্রসেনজিতের কথা শুনে শ্রাবন্তী হেসে ওঠেন।
স্টেজে উঠে শ্রাবন্তী প্রথমেই প্রসেনজিতের পা ছুঁয়ে প্রণাম করেন, আর প্রসেনজিৎও স্নেহের আবেগে তাঁকে জড়িয়ে ধরেন।
প্রসেনজিৎ শ্রাবন্তীর প্রশংসায় বলেন, ‘ও সামনে আছে বলে নয়, আমি মনে করি ওদের প্রজন্মে শ্রাবন্তী শুধু ভালো নায়িকাই নয়, ও একজন অসাধারণ অভিনেত্রী।’
View this post on Instagram
প্রসঙ্গত, ‘দেবী চৌধুরানী’ ছবির অভিনেতাদের লুক ও শ্যুটিংয়ের মুহূর্ত ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বাংলার দোর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞীর চরিত্রে শ্রাবন্তীকে দেখা যাবে নস্যি রঙের শাড়িতে, গলায় রুদ্রাক্ষের মালা, তলোয়ার হাতে। ছবির জন্য তিনি অসিচালনা, তলোয়ার চালনা, লাঠিখেলা থেকে শুরু করে ঘোড়ায় চড়ার প্রশিক্ষণও নিয়েছেন।
অন্যদিকে, ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ থাকবেন নস্যি রঙের পাঞ্জাবি, গলায় গেরুয়া উত্তরীয়, বড় চুল-দাড়ি আর হাতে ত্রিশূল নিয়ে। তাঁর চরিত্রের গভীর দৃষ্টি ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের।
এই ছবিতে প্রসেনজিৎ-শ্রাবন্তী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন সব্যসাচী চক্রবর্তী (হরবল্লভ রায়), অর্জুন চক্রবর্তী (রঙ্গরাজ), বিবৃতি চট্টোপাধ্যায় (নিশি), দর্শনা বণিক (সাগর), ও কিঞ্জল নন্দ (ব্রজেশ্বর)। ছবিটি মুক্তি পাবে আগামী মে মাসে।