পর্দার পুষ্পাকে বাস্তবে পুষ্পবৃষ্টিতে ভেজালেন ভক্তরা

‘পুষ্পা’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। মঙ্গলবার (১৭ অক্টোবর) দিল্লিতে ‘৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর হাত থেকে পুরস্কার নেন অভিনেতা। আর হায়দরাবাদে ফেরার পরেই তাকে মহা-সমারোহে স্বাগত জানান অনুরাগীরা।
সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। একটি কালো হুডখোলা গাড়িতে করে ফিরছেন আল্লু। তার গাড়িতে এবং তার উপর বৃষ্টির মতো করে ছড়ানো হচ্ছে ফুল। আর সবাইকে হাত জোড় করে নমস্কার করছেন অভিনেতা। জানাচ্ছেন ধন্যবাদ।

ভারত তো বটেই, ‘পুষ্পা’ সিনেমাটি কার্যত তোলপাড় ফেলে দিয়েছিল বিশ্বের বহু দেশে। ২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। এই সিনেমার জন্যই শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান আল্লু।

সেরা সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কারও পৌঁছায় এই সিনেমার ঝুলিতে। প্রথম সিনেমার শেষ ভাগেই ঘোষণা করা হয় দ্বিতীয় ভাগের কথা। তবে সেই সিনেমার কাজ পিছিয়ে যায় বারবার।

২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা টু’। প্রযোজনা সংস্থা ‘মৈত্রী মুভি মেকার্স’-এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা মুক্তির এই তারিখ।

সুকুমার পরিচালিত এই সিনেমাতে অভিনেতা ফাহাদ ফাসিলকে তার পূর্ববর্তী চরিত্রেই ফিরতে দেখা যাবে। এস পি ভওয়ার সিংহ শেখাওয়াতের চরিত্রে অভিনয় করবেন তিনি। এছাড়া রাশ্মিকা মান্দান্নাও ফিরবেন শ্রীভাল্লির চরিত্রে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *