“ভারত কি অনুন্নত দেশ হিসেবেই থেকে যাবে?” প্যাকেটজাত খাবারের মান নিয়ে কেন্দ্র ও সংস্থাগুলিকে তোপ সুপ্রিম কোর্টের

ভারতের বাজারে এক নিয়ম আর বিদেশের বাজারে অন্য নিয়ম—বহুজাতিক খাদ্য প্রস্তুতকারী সংস্থাগুলির বিরুদ্ধে এই দ্বিচারিতার অভিযোগে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের স্পষ্ট বক্তব্য, আমেরিকা বা ব্রিটেনের ক্রেতারা খাবারের গুণমান ও তথ্য নিয়ে যে সুরক্ষা পান, ভারতের ক্রেতারাও তার থেকে কম কিছু পাওয়ার যোগ্য নন। তাই বিভিন্ন দেশে ব্যবসা করা খাদ্য সংস্থাগুলিকে সর্বত্র একই মান বজায় রাখার পরামর্শ দিয়েছে আদালত।
গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার দেওয়া রায়ে বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI-কে নির্দেশ দিয়েছে, খাবারের প্যাকেটের সামনের দিকে বাধ্যতামূলকভাবে পুষ্টি সংক্রান্ত সতর্কবার্তা বা ফ্রন্ট-অফ-প্যাকেজ নিউট্রিশন লেবেলিং চালু করতে হবে। এই লেবেলে নির্দিষ্ট খাবারে চিনি, স্যাচুরেটেড ফ্যাট ও লবণের পরিমাণ বেশি থাকলে তা স্পষ্টভাবে জানাতে হবে, যাতে ক্রেতারা সহজেই পুষ্টিগুণ বুঝতে পারেন।
শুনানিতে আদালত পর্যবেক্ষণ করে, বহু বহুজাতিক খাদ্য সংস্থা অন্য দেশে কঠোর লেবেলিং নিয়ম মেনে চলে বা স্বেচ্ছায় সতর্কতামূলক লেবেল ব্যবহার করে, অথচ ভারতে একই ব্যবস্থা চালুর বিরোধিতা করে। এমনটা সত্যি হলে তা অত্যন্ত উদ্বেগজনক। শুনানিতে আবেদনকারীদের আইনজীবী রাজীব শঙ্কর দ্বিবেদী উদাহরণ টেনে জানান, ইউরোপে বিক্রি হওয়া একটি কোমল পানীয়ের রং হলুদ হলেও ভারতে একই পানীয়ের রং কমলা।
এর আগে ১৩ অগস্ট শুনানিতে কেন্দ্রের তরফে বলা হয়েছিল, ভারতের খাদ্যাভ্যাস আলাদা হওয়ায় অন্য দেশের নিয়ম সরাসরি অনুসরণ করা সম্ভব নয়। সেই যুক্তিতে ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, ভারত কি অনুন্নত দেশ হিসেবেই থেকে যাবে। আদালত চিলি, ইজরায়েল ও কানাডার উদাহরণ দিয়ে জানায়, অনেক দেশই প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা চালু করেছে এবং দেশে স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগ বাড়ায় এই পদক্ষেপ জরুরি।
সুপ্রিম কোর্ট জানায়, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের আওতায় স্বাস্থ্য, খাদ্য ও সচেতন পছন্দের অধিকার মৌলিক অধিকারের অংশ এবং ৪৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জনস্বাস্থ্য ও পুষ্টির মান বাড়ানো সরকারের দায়িত্ব। FSSAI-এর প্রস্তাবে খামতি থাকলে আদালত নীরব থাকবে না বলেও সতর্ক করা হয়েছে। পাশাপাশি আদালত আশঙ্কা প্রকাশ করেছে, সতর্কবার্তা এড়াতে সংস্থাগুলি চিনি, ফ্যাট বা লবণ কমিয়ে কৃত্রিম প্রিজারভেটিভ, ইমালসিফায়ার বা অ্যাডিটিভের ব্যবহার বাড়াতে পারে, যা আসল উদ্দেশ্য ব্যর্থ করতে পারে। তাই উপাদান বদলালেও নজরদারি বজায় রাখার ওপর জোর দিয়েছে শীর্ষ আদালত।