৩ বার পোশাক ও দল বদল করে মনোনয়ন! শেষ পর্যন্ত কোন পরিচয়ে বাজিমাত করলেন বাতি কুমারী?

রাজস্থানের স্থানীয় নির্বাচনে এক অভাবনীয় ও চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল রাজনৈতিক মহল। একই নির্বাচনে কখনও কংগ্রেস, কখনও বিজেপি আবার কখনও নির্দল—তিনটি ভিন্ন পরিচয়ে মনোনয়ন জমা দিলেন এক মহিলা প্রার্থী। শুধু তাই নয়, মনোনয়ন জমা দেওয়ার সময় প্রতিবারই পোশাক বদলান তিনি। শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই নির্বাচনে জয়লাভ করেন ওই মহিলা, যা নিয়ে দেশজুড়ে ও সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা।

জানা গিয়েছে, ওই প্রার্থীর নাম বাতি কুমারী। তাঁর শ্বশুর অর্জুন প্রধান অতীতে ব্রজনগর পঞ্চায়েত সমিতির প্রধান ছিলেন। স্থানীয় সূত্রে খবর, বাতি কুমারী প্রথমে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। সে সময় তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক ওয়াজিব আলি। তখন তাঁর পরনে ছিল লাল শাড়ি এবং শাড়ির আঁচলে মুখ ঢাকা অবস্থাতেই তিনি মনোনয়নপত্রে স্বাক্ষর করেন।

কিন্তু নাটকের এখানেই শেষ নয়। কয়েক মিনিটের মধ্যেই পোশাক বদলে সবুজ সালোয়ার-কামিজ পরে ফের হাজির হন বাতি কুমারী। এবার বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তিনি, যেখানে তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক জওহর সিং বেধম। সে বারেও ওড়না দিয়ে মুখ ঢাকা ছিল তাঁর। এরপর তৃতীয়বার পোশাক পাল্টে হলুদ শাড়ি পরে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তিনি। তবে শেষ বারে তাঁর মুখ ঢাকা ছিল না।

কিন্তু কেন একসঙ্গে তিনটি আলাদা মনোনয়ন জমা দিলেন তিনি? সূত্রের খবর, নিজের জয় নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী না থাকায় একটি নির্দিষ্ট দলের টিকিটে লড়তে চাননি বাতি কুমারী। সেই কারণেই কংগ্রেস ও বিজেপির পাশাপাশি নির্দল হিসেবেও মনোনয়ন জমা দেন তিনি। নির্বাচনী নিয়ম অনুযায়ী, এক জন প্রার্থী একটি আসনের জন্য সর্বোচ্চ চারটি মনোনয়নপত্র জমা দিতে পারেন। তবে শেষ পর্যন্ত তাঁকে একটি নির্দিষ্ট দল বা নির্দল—যেকোনো একটি পরিচয়েই প্রতিদ্বন্দ্বিতা করতে হতো।

শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই লড়াইয়ে নামেন বাতি কুমারী এবং জয়ের হাসি হাসেন। ভোটের ফল প্রকাশের পর তাঁকে জয়ের শংসাপত্রও দেওয়া হয়। যদিও বিজেপির তরফে তাঁকে সমর্থন জানানো হয়েছিল, তবুও শেষ হাসি নির্দল হিসেবেই হাসলেন বাতি কুমারী। এই ব্যতিক্রমী ঘটনা এখন রাজস্থানের গণ্ডি ছাড়িয়ে গোটা দেশে চর্চার কেন্দ্রে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *