পুলিশের নজর এড়াতে নতুন কৌশল! বিলাসবহুল গাড়ির ভেতর বাঁধা গরু, আসানসোল-দুর্গাপুরে বড়সড় সাফল্য

গরু চুরি ও পাচারের বিরুদ্ধে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। বিলাসবহুল এসইউভি বা স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যালে চাপিয়ে গরু পাচারের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং দু’টি গরুকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলটি থানার সাঁকতোড়িয়া ফাঁড়ি এলাকায় বেশ কিছুদিন ধরেই একের পর এক বাড়ি থেকে গরু চুরি যাচ্ছিল। কারা এই চুরির সঙ্গে জড়িত এবং কীভাবে নজর এড়িয়ে গরু সরানো হচ্ছে, তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এক সূত্র মারফত সাঁকতোড়িয়ার কুরেশি মহল্লার বাসিন্দা বিলাল কুরেশি এবং আকবর কুরেশি ওরফে গাপ্পু নামে দুই পাচারকারীর নাম উঠে আসে।
প্রমাণ হাতে পেতে অভিযুক্তদের ওপর গোপনে নজরদারি শুরু করে সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ। এরপর গোপন সূত্রে খবর পেয়ে রেলপাড় এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশির সময় একটি বিলাসবহুল গাড়ির পেছনের অংশে বাঁধা অবস্থায় দু’টি গরুকে উদ্ধার করেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকেই গাড়ি ও গরুসহ ওই দুই পাচারকারীকে আটক করে ফাঁড়িতে নিয়ে গিয়ে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাধারণ মানুষের পাশাপাশি পুলিশের নজর এড়াতেই বিলাসবহুল চারচাকা গাড়ি ব্যবহার করছিল অভিযুক্তরা। বিলাসবহুল গাড়ি দেখে কারও সন্দেহ হবে না এবং সহজে তল্লাশিও চালানো হবে না—এই কৌশল থেকেই এমনটা করা হয়েছিল বলে মনে করছেন আধিকারিকরা।
আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এক আধিকারিক জানান, এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, চুরি করা গরু কোথায় নিয়ে যাওয়া হতো এবং কতদিন ধরে এই কায়দায় পাচার চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। চক্রের পেছনে কোনো বড় মাথা রয়েছে কি না, তা জানতে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।