গার্লস নাইটে কিয়ারা আডবাণীর নতুন চমক! কী নিয়ে মেতেছেন অভিনেত্রী?

দ্বিতীয়বার মাতৃত্ব উপভোগ করছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী। তবে তার মধ্যেও বন্ধুদের সঙ্গে নিজের মতো করে সময় কাটাতে ভুলছেন না অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের গার্লস নাইটের কিছু ঝলক ভাগ করে নিয়েছেন তিনি, আর সেই আয়োজনেই রয়েছে এক অন্যরকম চমক।
বেড্যাজলিং হলো কোনো সাধারণ জিনিসকে পুঁতি, রঙিন পাথর, সিকুইন, গ্লিটার বা ঝলমলে অলংকার দিয়ে সাজিয়ে আকর্ষণীয় করে তোলার একটি সৃজনশীল পদ্ধতি। পোশাক, ব্যাগ, জুতো, মোবাইল কভার থেকে শুরু করে ঘর সাজানোর নানা সামগ্রীতেও এই কৌশল ব্যবহার করা যায়। নিজের পছন্দমতো রং, নকশা ও উপকরণ বেছে নিয়ে পুরনো বা সাধারণ জিনিসকে একেবারে নতুন রূপ দেওয়া যায়। বর্তমানে ডিআইওয়াই বা ডু ইট ইয়োরসেলফ ট্রেন্ডের হাত ধরে জনপ্রিয় হচ্ছে বেড্যাজলিং। এটি শুধু সাজানোর কাজ নয়, বরং অবসর কাটানোর একটি মজাদার সৃজনশীল মাধ্যমও।
সাধারণত তারকাদের গার্লস নাইট মানেই জমকালো পার্টি, ঝলমলে পোশাক আর এলাহি আয়োজন। কিন্তু কিয়ারার এবারের সন্ধ্যা ছিল একেবারেই অন্যরকম। সেখানে পার্টির জাঁকজমকের বদলে গুরুত্ব পেয়েছে সৃজনশীলতা, হাতের কাজ আর সাজগোজের নানা উপকরণ। ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেওয়া ছবিতে দেখা গিয়েছে, একটি বড় টেবিল সুন্দর করে সাজানো হয়েছে এবং প্রত্যেকের জন্য রয়েছে আলাদা বসার জায়গা ও নাম লেখা কার্ড। কিয়ারা ছাড়াও সেখানে ছিলেন তাঁর বন্ধুরা অনিশা, নাদিয়া, ইশিতা এবং করিনা। প্রত্যেকের জন্য রাখা হয়েছিল গোলাপি রঙের বিশেষ উপহারের ব্যাগ, তাতেও ছিল সুন্দর বো সাজানোর নকশা।
তবে শুধু আড্ডা নয়, এই গার্লস নাইটের মূল আকর্ষণ ছিল নিজের হাতে জিনিস সাজিয়ে তোলা। টেবিলজুড়ে ছড়িয়ে ছিল নানা রঙের পুঁতি, ছোট ছোট পাথর, ঝলমলে সিকুইন এবং গয়না তৈরির সরঞ্জাম। একটি ভিডিওতে দেখা গিয়েছে, ছোট্ট একটি পোর্টেবল ফ্যানকেও রংবেরঙের ঝকঝকে সাজে সাজিয়ে তুলেছেন তাঁরা। গোটা আয়োজন যেন সৃজনশীলতার এক ছোট্ট কর্মশালা। ভিডিওর সঙ্গে কিয়ারা লিখেছেন, অবসেসড উইথ বেড্যাজলিং, অর্থাৎ ঝলমলে সাজে জিনিসপত্র সাজিয়ে তোলার নেশাতেই মজেছেন অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ডে শোনা গিয়েছে বেড্যাজল ইট – ওহ মাই সং।
মাতৃত্বকালীন শারীরিক কিছু নিষেধাজ্ঞা থাকে এবং মানসিক দিক থেকেও হরমোনের কারণে মনমেজাজ ভালো রাখার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতে হয়। সেদিক থেকে এমন সৃজনশীল উদ্যোগে যেমন বন্ধুরা একসঙ্গে সময় কাটিয়ে মন ভালো হয়, তেমনই নতুন কিছু করার আনন্দ থাকে।