ডিমের হেয়ার মাস্কের পর চুলে গন্ধ? ঘরোয়া টোটকায় সহজেই মিলবে মুক্তি

সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে বাড়িতেই ডিমের মাস্ক ব্যবহার করেন অনেকে। ডিম শুধু চুল শক্তিশালী, নরম এবং উজ্জ্বলই করে তোলে না, চুলে ডিম মাখা হলে চুল থেকে শুষ্কতা কমে এবং চুল ঘন ও লম্বা হয় বলেও মনে করা হয়। তাই চুলের যত্ন নিতে অনেকেই ডিম দিয়ে তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করে থাকেন। কিন্তু ডিমের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, আর ডিমের মাস্ক ব্যবহার করার পর বারবার শ্যাম্পু করেও যখন সেই গন্ধ চুল থেকে দূর করা যায় না তখন অস্বস্তি তৈরি হয়। তবে কয়েকটি ঘরোয়া কৌশল জানা থাকলে সহজেই মাথার চুল থেকে ডিমের গন্ধ দূর করা যায়।
জলের মধ্যে লেবুর রস মিশিয়ে ব্যবহার করে চুল থেকে সহজেই ডিমের গন্ধ দূর করা যায়। এক কাপ জলে অর্ধেক লেবুর রস মিশিয়ে নিন। প্রথমে চুলে হালকা শ্যাম্পু করে ধুয়ে নিন, তারপর আগে থেকে তৈরি করা ওই লেবুর রসের মিশ্রণ চুলে লাগিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দিন এবং পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। লেবুর রস যেন সরাসরি মাথার ত্বকে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে এবং মাথায় এই মিশ্রণ লাগানোর আগে পরীক্ষা করে নেওয়া জরুরি। মাথার ত্বকে জ্বালা করলে বা অন্য কোনো সমস্যা হলে এটি ব্যবহার না করাই ভালো।
ঘরোয়া উপায়ে টমেটোর রস ব্যবহার করেও চুল থেকে ডিমের গন্ধ দূর করা যেতে পারে। তিন থেকে চার চামচ তাজা টমেটোর রস নিয়ে চুলের দৈর্ঘ্য বরাবর লাগাতে হবে, প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর চুল ভালো করে ধুয়ে নিন এবং প্রয়োজনে হালকা শ্যাম্পু করা যেতে পারে।
চুলের যত্ন নিতে দারুচিনি ও মধু ব্যবহার করা হয়। এক কাপ গরম জলে এক চা-চামচ দারুচিনি গুঁড়ো এবং এক চা-চামচ মধু মিশিয়ে সেই মিশ্রণ চুলে লাগানো হলে চুল থেকে ডিমের গন্ধ দূর করা যায়। অনেকের দারুচিনি থেকে অ্যালার্জি হয়, তাই এটি সরাসরি মাথায় লাগানোর আগে প্যাচ টেস্ট করা জরুরি।
চুল থেকে ডিমের গন্ধ দূর করতে অ্যাপেল সাইডার ভিনেগার ব্যবহার করা হয়। প্রথমে চার চা-চামচ জলে এক চা-চামচ ভিনেগার মিশিয়ে একটি পাতলা মিশ্রণ তৈরি করে নিন। শ্যাম্পু করার পর এই মিশ্রণ প্রথমে চুলের দৈর্ঘ্য পর্যন্ত লাগিয়ে নিতে হবে এবং তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। মাথার ত্বকে জল না দিয়ে কখনোই এটি লাগানো উচিত নয়।
কমলালেবুর মধ্যে প্রাকৃতিক একটি সুগন্ধ থাকে, তাই এই রস চুলে লাগালে চুল থেকে ডিমের গন্ধ কমাতে সাহায্য করে। তাজা কমলালেবুর রসের সঙ্গে জল মিশিয়ে তা চুলের দৈর্ঘ্য পর্যন্ত ভালো করে লাগিয়ে কয়েক মিনিট রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে।
কলা ও অলিভ অয়েল দিয়ে ডিমের মাস্ক ব্যবহার করা যেতে পারে। চুলে ডিম দিয়ে তৈরি মাস্ক লাগাতে চাইলে এর গন্ধ থেকে মুক্তি পেতে মাস্ক তৈরির সময় একটু কলা ও অলিভ অয়েল যোগ করা যেতে পারে। এতে যেমন হেয়ার মাস্কের টেক্সচার উন্নত হয়, তেমনই এটি চুলের জন্য কন্ডিশনিংয়ের কাজ করে এবং চুল থেকে ডিমের গন্ধ দূর করতেও সাহায্য করে।