কল্যাণের সাসপেনশন বহাল! অভিষেকের আবেদন খারিজ করলেন ওম বিড়লা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং বহাল রইল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন। সাংসদের সাসপেনশন বহাল রাখার পক্ষে আইনি যুক্তি এবং অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সাসপেনশন প্রত্যাহারের বিরোধিতার পক্ষে বিশদে কারণ জানানো হয়েছে।

স্পিকারের তরফে জানানো হয়েছে যে বিভিন্ন বিষয় খতিয়ে দেখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর জারি থাকা সাসপেনশনের সিদ্ধান্ত সংশ্লিষ্ট সংসদীয় অধিবেশনের সমাপ্তি পর্যন্ত বহাল রাখার পক্ষে মত দেওয়া হয়েছে। লোকসভার কার্যপ্রণালী বিধির ৩৭৪(২) নম্বর ধারা অনুযায়ী, সংসদ নিজেই প্রস্তাব গ্রহণ করে সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই শাস্তিমূলক ব্যবস্থা বহাল থাকা উচিত বলে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে নির্ধারিত সময়ের আগে সাসপেনশন প্রত্যাহারের আবেদন গ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক সুবিধা, দলের সাংগঠনিক দায়িত্ব কিংবা আসন্ন সংসদীয় কর্মসূচিকে যুক্তি হিসেবে বিবেচনা করা উচিত নয়। কোনো ব্যক্তির বা রাজনৈতিক দলের স্বার্থের ভিত্তিতে সংসদের বিধি ও শৃঙ্খলা সংক্রান্ত সিদ্ধান্তে পরিবর্তন আনা সমীচীন নয় বলেও মত প্রকাশ করা হয়েছে।

উত্তরে স্পষ্টভাবে বলা হয়েছে যে সংসদের সার্বভৌম কর্তৃত্ব, লোকসভার মর্যাদা এবং কার্যপ্রণালী বিধির ধারাবাহিক প্রয়োগ সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে সংসদের মর্যাদা ও নিয়মশৃঙ্খলাকে। রাজনৈতিক পরিচয় বা দলীয় অবস্থান নির্বিশেষে প্রত্যেক সাংসদের ক্ষেত্রে সংসদীয় শৃঙ্খলা সমানভাবে কার্যকর হওয়া প্রয়োজন।

নোটে উল্লেখিত প্রাসঙ্গিক আইনি বিধানের মধ্যে রয়েছে লোকসভার ৩৭৪(২) নম্বর বিধি, যা কোনো সাংসদকে সংশ্লিষ্ট অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করার এবং সংসদের প্রস্তাবের মাধ্যমে সেই সাসপেনশন প্রত্যাহারের কথা বলে। লোকসভার ৩৭৪(৩) নম্বর বিধি অনুযায়ী সাসপেনেন্ড হওয়া সাংসদকে সংসদ ভবনের চত্বর ত্যাগ করতে হয়। সংবিধানের ৮৫(২)(ক) অনুচ্ছেদে রাষ্ট্রপতির সংসদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত বা প্রোরোগ করার ক্ষমতার কথা বলা হয়েছে এবং লোকসভার ১৫ নম্বর বিধিতে অনির্দিষ্টকালের জন্য অধিবেশন মুলতুবি হওয়ার পর পুনরায় অধিবেশন আহ্বানের ক্ষেত্রে স্পিকারের ক্ষমতার কথা উল্লেখ রয়েছে।

সংসদে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পাশ করাতে মরিয়া কেন্দ্র এবং ইতিমধ্যেই অধিবেশন ডাকা হয়েছে। এদিকে তৃণমূল ভেঙে এনসিপিআই-তে যোগ দেওয়া কাকলি ও সুদীপসহ প্রাক্তন ১৯ তৃণমূল সাংসদকে নিয়ে এখনও চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত, ফলে তাঁরা ভোটাভুটি এড়িয়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। তাই কল্যাণ সাসপেন্ড থাকায় লোকসভায় সাংসদ বদলে রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র এবং রাজ্যসভায় মানেকা গুরুস্বামীরা, যার ফলে তৃণমূলের প্রতিনিধিত্ব নগণ্য হয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *