ধৃত সন্দেহভাজনের ফোনে জঙ্গি প্রশিক্ষণের ভিডিও! তদন্তে নেমে বড় তথ্য এটিএস-এর হাতে

ধৃত জইশ-ই-মহম্মদ সন্দেহভাজন শরিফুল ইসলাম কবিরুদ্দিনের মোবাইল ফোন থেকে একাধিক জঙ্গি প্রশিক্ষণের ভিডিও উদ্ধার হয়েছে। সেখানে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহারের কৌশল দেখানো হয়েছে বলে দাবি তদন্তকারীদের। এই ভিডিওগুলি পাকিস্তানে থাকা হ্যান্ডলারদের কাছ থেকে পাঠানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা বা এটিএস।
একটি সংবাদমাধ্যমের হাতে আসা একটি ভিডিওতে অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের দৃশ্য দেখা গিয়েছে বলে জানানো হয়েছে। এটিএস সূত্রের দাবি, শরিফুলের ফোনে এই ধরনের আরও কয়েকটি ভিডিও মিলেছে। অস্ত্র চালানো এবং গুলি ছোড়ার পদ্ধতি শেখার জন্য সে সেগুলি ব্যবহার করত বলে তদন্তকারীদের অনুমান। তবে ভিডিওগুলির উৎস এবং সেগুলি কে পাঠিয়েছিল, তা এখনও নিশ্চিত নয়।
তদন্তকারীদের দাবি, পাকিস্তানের এক হ্যান্ডলার মুফতি রফিকের সঙ্গে যোগাযোগ ছিল শরিফুলের। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ভদোদরার বায়ুসেনা ঘাঁটিতে হামলার ছক কষছিল সে। পরিকল্পনা সফল হলে তাকে পাকিস্তানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর।
শুক্রবার ভদোদরার জারোদ বাসস্ট্যান্ডের কাছ থেকে শরিফুলকে গ্রেফতার করে গুজরাট এটিএস। তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল এবং ২৩টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। বেআইনি অস্ত্র নিয়ে এক সন্দেহভাজন ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার পরই অভিযান চালানো হয়।
এখন ধৃতের মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে তার যোগাযোগ কতটা গভীর ছিল, প্রশিক্ষণের ভিডিওগুলি কোথা থেকে এল এবং বায়ুসেনা ঘাঁটিতে হামলার পরিকল্পনার সঙ্গে সে কতটা যুক্ত ছিল, এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে এটিএস।
বিদেশি মদতপুষ্ট নেটওয়ার্কের সম্ভাব্য গতিবিধি নিয়ে নিরাপত্তা সংস্থাগুলির নজরদারির মধ্যেই এই গ্রেফতারি ঘিরে তদন্ত আরও জোরদার হয়েছে। তবে হামলার পরিকল্পনা ও পাকিস্তানি যোগাযোগ সংক্রান্ত অভিযোগগুলি তদন্তের আওতায় রয়েছে।