বিনামূল্যে রেশন প্রকল্পে অনিয়মের শীর্ষে পশ্চিমবঙ্গ! সমীক্ষায় কী সামনে এল?

একশো দিনের কাজ, আবাস যোজনা ও লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পে অযোগ্য প্রাপকদের অভিযোগ আগেও উঠেছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো বিনামূল্যে রেশন প্রকল্প। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সমীক্ষায় অনিয়মের হারে দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছে পশ্চিমবঙ্গ।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বা পিএমজিকেএওয়াই-তে অনিয়ম খতিয়ে দেখতে সমীক্ষা চালায় কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। ২০২৫-’২৬ সালে ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শহর ও গ্রামে ৫১,৩০৩ জন উপভোক্তা এবং ভিজিল্যান্স কমিটির ২,০৩৬ জন সদস্যের ওপর এই সমীক্ষা হয়। পাশাপাশি ৪,৯৩৯টি ফেয়ার প্রাইস শপ এবং ২৪৫টি গুদামেও নজরদারি চালানো হয়েছে।

সমীক্ষার তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৩৯.৫ শতাংশ উপভোক্তা নির্ধারিত মাপকাঠি অনুযায়ী বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। শতাংশের বিচারে এটাই দেশের মধ্যে সর্বোচ্চ।

পশ্চিমবঙ্গের পরেই অনিয়মের তালিকায় রয়েছে ত্রিপুরা (৩৯.২ শতাংশ), তামিলনাড়ু (৩৮.৭ শতাংশ), মেঘালয় (২৮.৫ শতাংশ) এবং বিহার (২৫.৫ শতাংশ)। অন্যদিকে গোটা দেশে সমীক্ষার আওতায় আসা উপভোক্তাদের গড়ে ১৩.২ শতাংশ বিভিন্ন মাপকাঠিতে অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন। অন্ত্যোদয় অন্ন যোজনায় এই হার ১২.২ শতাংশ এবং প্রায়োরিটি হাউসহোল্ডে ১৩.৪ শতাংশ। গ্রামের তুলনায় শহরে অনিয়মের হার বেশি—গ্রামীণ এলাকায় ১২.৫ শতাংশ এবং শহরাঞ্চলে ১৫.৬ শতাংশ।

২০১৩ সালে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনে গরিব পরিবারকে কম দামে চাল ও গম দেওয়ার ব্যবস্থা শুরু হয়। কোভিডকালে ২০২০ সালের মার্চে পিএমজিকেএওয়াই ঘোষণা করা হয়, যার আওতায় বিনামূল্যে চাল-গম মেলে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে।

নিয়ম অনুযায়ী অন্ত্যোদয় অন্ন যোজনার পরিবার মাসে ৩৫ কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ডের সদস্যরা মাথাপিছু ৫ কেজি খাদ্যশস্য বিনামূল্যে পান। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রায় ৭৮.৬৩ কোটি মানুষ এর সুবিধা পাচ্ছেন। ২০২৫-’২৬ অর্থবর্ষে খাদ্য ভর্তুকিতে কেন্দ্র খরচ করেছে ২.২৮ লক্ষ কোটি টাকা, যা মোট ভর্তুকি বরাদ্দের (৪.৬৯ লক্ষ কোটি টাকা) প্রায় অর্ধেক।

অন্ত্যোদয় অন্ন যোজনায় গৃহহীন, ভিক্ষাজীবী, ভূমিহীন ও প্রান্তিক চাষি এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা অন্তর্ভুক্ত হন। প্রায়োরিটি হাউসহোল্ডে গ্রামে মাসিক আয় ১০ হাজার ও শহরে ১৫ হাজার টাকার বেশি হলে, স্থায়ী সরকারি চাকরি বা আয়কর থাকলে, তিন বা তার বেশি ঘরের পাকা বাড়ি, চারচাকা গাড়ি, ট্র্যাক্টর বা ২ কিলোওয়াট বা তার বেশি বিদ্যুৎ সংযোগ থাকলে পরিবার অযোগ্য বলে ধরা হয়। সমীক্ষায় দেখা গেছে, চারচাকা গাড়ি ও শীতাতপনিয়ন্ত্রিত বাড়ির মালিক এবং অনেকের সরকারি চাকরি থাকা সত্ত্বেও তাঁরা বিনামূল্যে রেশন তুলছেন। রিপোর্টে এই অবস্থাকে বলা হয়েছে ইনক্লুসন এরর।

কেন্দ্রীয় আধিকারিকদের মতে, উপভোক্তার সংখ্যা কেন্দ্র ঠিক করলেও যোগ্যতার মাপকাঠি ও তালিকা তৈরি করে রাজ্যগুলি। রাজ্যের খাদ্যমন্ত্রীর প্রতিক্রিয়া না মিললেও প্রশাসনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, কারণ জানতে খাদ্য দফতরের সচিবের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। এই সমীক্ষাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হলেও প্রথম পাঁচে ভিনরাজ্যের নাম থাকায় পাল্টা যুক্তির জায়গাও তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *