এটিএম ও কার্ড লেনদেনে আরবিআই-এর নতুন মাস্টার ডিরেকশন! বিনামূল্যের সীমা ও চার্জে কী বদল?

ব্যাঙ্কের এটিএম ব্যবহার করেন কিংবা ডেবিট বা ক্রেডিট কার্ডে কেনাকাটা করেন? তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নির্দেশিকা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিএম থেকে নগদ তোলা, বিনামূল্যে লেনদেনের সীমা, অতিরিক্ত চার্জ এবং কন্ট্যাক্টলেস কার্ডে পেমেন্টসহ নানা বিষয়ে নতুন নিয়ম সামনে এনেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। গত ২৭ নভেম্বর ২০২৬ তারিখে রিজার্ভ ব্যাঙ্ক এটিএম ও কার্ড সংক্রান্ত একাধিক পুরনো নির্দেশিকাকে এক ছাতার তলায় এনে নতুন মাস্টার ডিরেকশন জারি করেছে। গ্রাহকদের স্বস্তির বিষয় হলো, বিনামূল্যে এটিএম লেনদেনের সংখ্যা বা অতিরিক্ত লেনদেনে সর্বোচ্চ ২৩ টাকার চার্জ নতুন করে বাড়ানো হয়নি। বরং কতগুলি ফ্রি লেনদেন বাকি রয়েছে এবং পরের লেনদেনে কত চার্জ লাগতে পারে, তা গ্রাহকদের জানানোর নির্দেশ দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলিকে।

নিয়ম অনুযায়ী, নিজের ব্যাঙ্কের এটিএম থেকে মাসে সর্বোচ্চ ৫ বার বিনামূল্যে লেনদেন করা যাবে, যার মধ্যে আর্থিক লেনদেনের পাশাপাশি ব্যালেন্স চেক করার মতো অ-আর্থিক লেনদেনও ধরা হবে। অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহারের ক্ষেত্রে মেট্রো শহরে মাসে ৩ বার এবং নন-মেট্রো শহরে মাসে ৫ বার বিনামূল্যে লেনদেনের সুযোগ রয়েছে। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ মেট্রো শহর হিসেবে বিবেচিত হয়। তবে অন্য ব্যাঙ্কের মেট্রো ও নন-মেট্রো এটিএম মিলিয়ে মাসে মোট ৫টি বিনামূল্যে লেনদেন করা যাবে।

নির্ধারিত ফ্রি লেনদেনের সীমা শেষ হয়ে গেলে ব্যাঙ্ক প্রতি অতিরিক্ত এটিএম লেনদেনে সর্বোচ্চ ২৩ টাকা চার্জ করতে পারবে। এর সঙ্গে প্রযোজ্য জিএসটি বা করও যোগ হতে পারে। তবে প্রযুক্তিগত ত্রুটি বা এটিএমে টাকা না থাকার কারণে লেনদেন ব্যর্থ হলে সেটি ফ্রি সীমার মধ্যে গণনা করা হবে না এবং এমন ব্যর্থ লেনদেনে ব্যাঙ্ক কোনো চার্জ নিতে পারবে না।

নতুন নির্দেশিকায় ব্যাঙ্কগুলিকে গ্রাহকদের সতর্ক ও অবগত করার ব্যবস্থা রাখতে বলা হয়েছে। মাসে কয়টি ফ্রি লেনদেন ব্যবহার হয়েছে, কয়টি বাকি আছে, সীমা পেরোলে কত চার্জ লাগতে পারে এবং এটিএমটি মেট্রো না নন-মেট্রো এলাকায় অবস্থিত, তা স্পষ্ট করার কথা বলা হয়েছে। কার্ড লেনদেনের ক্ষেত্রে ৫,০০০ টাকা পর্যন্ত যোগ্য কন্ট্যাক্টলেস পেমেন্টে অতিরিক্ত অথেন্টিকেশন বা পিন ছাড়াই লেনদেন করা যাবে, তবে ৫,০০০ টাকার বেশি লেনদেনে অতিরিক্ত অথেন্টিকেশন লাগবে। চাইলে গ্রাহক কম অঙ্কের লেনদেনেও পিন ব্যবহার করতে পারবেন।

কার্ডের নিরাপত্তা নিয়েও জোর দেওয়া হয়েছে। গ্রাহকরা যাতে ২৪ ঘণ্টা দেশীয় লেনদেন চালু বা বন্ধ করা, আন্তর্জাতিক বা অনলাইন পেমেন্ট নিয়ন্ত্রণ করা, কন্ট্যাক্টলেস লেনদেন পরিচালনা করা এবং কার্ডের লেনদেনের সীমা বদলানোর সুবিধা পান, তা নিশ্চিত করতে বলা হয়েছে ব্যাঙ্কগুলিকে। পাশাপাশি নির্দিষ্ট মার্চেন্ট আউটলেটে পিওএস মেশিনের মাধ্যমে একবারে সর্বোচ্চ ২,০০০ টাকা এবং মাসে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত নগদ তোলার সুবিধা রয়েছে, যেখানে চার্জ ১ শতাংশের বেশি হতে পারবে না এবং কেনাকাটা বাধ্যতামূলক নয়।

রিজার্ভ ব্যাঙ্কের ২৭ নভেম্বর ২০২৬-এর এই নির্দেশিকা জারির দিন থেকেই কার্যকর হয়েছে। এটিএম সংক্রান্ত ১৭টি এবং কার্ড পেমেন্ট সংক্রান্ত ২৫টি পুরনো সার্কুলার একত্রিত করে এই কাঠামো তৈরি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *