হোয়াটসঅ্যাপে বিয়ের কার্ডের লিঙ্কে ক্লিক করতেই উধাও ১০ লক্ষ টাকা! সুরাটে বড় সাইবার প্রতারণা

হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র পেয়ে তাতে দেওয়া লিঙ্কে ক্লিক করেছিলেন গুজরাতের এক যুবক। ভেবেছিলেন, বিয়ের অনুষ্ঠানের বিস্তারিত তথ্য জানা যাবে। কিন্তু সেই একটি ক্লিকই তাঁর জীবনে বড় আর্থিক বিপর্যয় ডেকে আনে। মুহূর্তের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ১০ লক্ষ টাকা। সাইবার প্রতারকদের নতুন কৌশলের শিকার হয়ে সর্বস্বান্ত হন ওই যুবক।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর তদন্তে নামে সুরাট পুলিশ। অভিযোগকারীর বয়ান এবং ডিজিটাল তথ্য খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারেন, একটি অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বিয়ের কার্ড পাঠানো হয়েছিল তাঁকে। কার্ডের সঙ্গে লেখা ছিল, এই বিয়েতে আপনার আমন্ত্রণ রইল এবং সপরিবার আসবেন। পাশাপাশি একটি লিঙ্কও দেওয়া হয়, যেখানে বিস্তারিত জানতে ক্লিক করতে বলা হয়েছিল। লিঙ্কে ক্লিক করার পরই বিপদে পড়েন যুবক। অভিযোগ, সাইবার অপরাধীরা তাঁর ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য হাতিয়ে নেয় এবং অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা তুলে নেয়।
তদন্তে নেমে ওই টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, তার সূত্র ধরে এক ব্যক্তির সন্ধান পান পুলিশ আধিকারিকেরা। তাঁর নাম দেবেন্দ্র মালিক। উত্তরপ্রদেশের বিজনৌরের বাসিন্দা দেবেন্দ্রকে স্থানীয় পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে সুরাট পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই প্রতারণা চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দেবেন্দ্রর। টাকার বিনিময়ে সাইবার অপরাধীদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে দিতেন তিনি। প্রতারণার মাধ্যমে হাতানো টাকা প্রথমে তাঁর অ্যাকাউন্টে জমা পড়ত। এরপর মোট টাকার ২০ শতাংশ কমিশন হিসেবে নিজের কাছে রেখে বাকি টাকা চক্রের অন্য সদস্যদের কাছে পৌঁছে দিতেন তিনি।
কাদের সঙ্গে যোগাযোগ রেখে এই কাজ করতেন দেবেন্দ্র, কীভাবে তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করা হতো এবং এই চক্রের পেছনে আর কারা রয়েছে, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। পাশাপাশি আরও কেউ এই চক্রের শিকার হয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অচেনা নম্বর থেকে আসা বিয়ের কার্ড বা অন্য কোনো আমন্ত্রণের লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক থাকার প্রয়োজনীয়তা ফের সামনে আনল এই ঘটনা।