বিগ বস বাংলায় কি বাইরে থেকে হেয়ার-মেকআপ আর্টিস্ট যান? জল্পনার অবসান ঘটালেন রণিতা দাস

রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র অন্দরমহলে প্রতিযোগীদের সাজগোজ ও ফ্যাশন নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে উইকেন্ড এপিসোডগুলোতে প্রতিযোগীদের ঝকঝকে লুক এবং নিখুঁত হেয়ারস্টাইল দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে— বাইরের জগতের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও, ভেতরে কি তবে কোনো মেকআপ আর্টিস্ট বা হেয়ার স্টাইলিস্ট যান? সম্প্রতি ঠিক এই প্রশ্নই সোশ্যাল মিডিয়ায় তুলেছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। আর এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে বিগ বসের ঘরের অন্দরের আসল বাস্তবতা সামনে আনলেন শো থেকে সদ্য উচ্ছেদ হওয়া প্রতিযোগী অভিনেত্রী রণিতা দাস।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিগ বস বাংলার প্রতিযোগীদের চুলের সাজ নিয়ে বিস্ময় ও সন্দেহ প্রকাশ করেছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। পোস্টে তিনি লিখেছিলেন, ‘Big Boss বাংলা এ- সবার অতো পরিষ্কার-ঝকঝকে চুলের স্টাইল কে করে দেয়? সবাই নিজে নিজে, অতো ভালো কেশসজ্জা করে নিতে পারলে- তো আর হেয়ার স্টাইলিস্টের দরকারই পড়বে না।’ সুদীপার এই পোস্টের পর নেটপাড়াতেও শুরু হয়েছিল জোর চর্চা— সত্যিই কি গোপনে স্টাইলিস্টরা ভেতরে গিয়ে প্রতিযোগীদের সাজিয়ে দিয়ে আসেন?
বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার পর এবার এই বিষয়ে স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী রণিতা দাস। তিনি সাফ জানিয়ে দেন, প্রতিযোগীদের সাজিয়ে দেওয়ার জন্য ভেতরে আলাদা করে কেউ থাকেন না। রণিতার কথায়, ‘কেউ নেই কোনো ডিজাইনার, যে লুক করে দিচ্ছে বা মেকআপ হেয়ার কেউ এসে করে দিচ্ছে, এটা এরকম নয়। শুধুমাত্র ওই যে স্পেশাল জামাগুলো, ওই জামাগুলোই আসে আর কিচ্ছু আসে না। তোমারটা তোমাকেই ম্যানেজ করতে হবে।’ অর্থাৎ, বিশেষ পর্বের জন্য বাইরে থেকে কেবল নির্ধারিত পোশাকগুলোই ঘরের ভেতরে পৌঁছায়। কিন্তু মেকআপ থেকে শুরু করে নিখুঁত হেয়ারস্টাইল— যাবতীয় সাজগোজ প্রতিযোগীদের নিজেদেরই সামলাতে হয়। রণিতার এই বক্তব্যের পর বিগ বসের ঘরের সাজগোজ ঘিরে তৈরি হওয়া সমস্ত ধোঁয়াশা কার্যত কেটে গেল।
এদিকে রণিতার পর চলতি সপ্তাহে বিগ বসের ঘর থেকে কে বেরোবেন, সেই নিয়ে উত্তেজনা তুঙ্গে। জীতু এবং সৌরভ ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গেছেন বলে জানা যাচ্ছে। জনতার ভোটে রাজবীরও সুরক্ষিত থাকবেন বলে মনে করা হচ্ছে। মনামী ঘোষ বিগ বস হাউসের দীর্ঘ দৌড়ের অন্যতম প্রতিযোগী হিসেবে রয়েছেন। এখন তনুশ্রী, নিরঞ্জন এবং সৃজলার মধ্যে দর্শকদের ভোট কাকে বাঁচাবে, সেদিকেই তাকিয়ে সবাই।