‘হাই সুগার’, ‘হাই সল্ট’ নাকি ‘হাই ফ্যাট’? খাবারের প্যাকেটের সামনেই স্পষ্ট চিহ্ন বাধ্যতামূলক করছে সুপ্রিম কোর্ট

প্যাকেটজাত খাবার কেনার আগে এবার থেকে আরও সতর্ক থাকতে হবে ক্রেতাদের। চিপস, বিস্কুট বা নুডলসের মতো বিভিন্ন প্যাকেটজাত খাবারে নির্ধারিত সীমার অতিরিক্ত নুন, চিনি কিংবা ফ্যাট থাকলে প্যাকেটের গায়েই স্পষ্ট সতর্কবার্তা দিতে হবে। এই মর্মে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সাধারণ মানুষ যাতে সহজে বুঝতে পারেন কোনও খাবারে ক্ষতিকর উপাদানের পরিমাণ বেশি কি না, সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ।
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-কে প্যাকেটজাত খাবারের ক্ষেত্রে সামনের দিকে পুষ্টিগুণ সংক্রান্ত সতর্কবার্তা বা ‘ফ্রন্ট অফ প্যাকেজ নিউট্রিশন লেবেলিং’ চালু করার নির্দেশ দিয়েছে।
লাল ষড়ভুজ চিহ্নের নিয়ম
আদালতের নির্দেশ অনুযায়ী, কোনও খাবারে নির্ধারিত সীমার বেশি চিনি, নুন কিংবা ফ্যাট থাকলে প্যাকেটের সামনের দিকে আলাদা আলাদা লাল ষড়ভুজ আকৃতির চিহ্ন দিতে হবে। সেখানে স্পষ্ট করে ‘হাই সুগার’, ‘হাই সল্ট’ অথবা ‘হাই ফ্যাট’ লেখা থাকতে হবে। কোনো খাবারে তিনটি উপাদানের পরিমাণই বেশি হলে তিনটি পৃথক সতর্কবার্তা দিতে হবে; একটি চিহ্নের মধ্যে সবকটি উপাদানের উল্লেখ করলে চলবে না।
আকার, ফন্ট ও বৈজ্ঞানিক মানদণ্ড
সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রতিটি লাল ষড়ভুজ চিহ্ন প্যাকেটের সামনের প্রধান প্রদর্শনযোগ্য অংশের অন্তত ৪ থেকে ৫ শতাংশ জায়গা জুড়ে থাকতে হবে। পাশাপাশি এমন ফন্ট ব্যবহার করতে হবে, যাতে সাধারণ ক্রেতারা সহজেই লেখাগুলো পড়তে পারেন। শুধু বাইরে থেকে যোগ করা চিনি বা ফ্যাটের পরিমাণ দেখলেই হবে না; পুষ্টিগুণের সীমা নির্ধারণের ক্ষেত্রে মোট চিনির পরিমাণ, স্যাচুরেটেড ফ্যাট এবং নুনের পরিমাণকে গুরুত্ব দিতে হবে। বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে এই উপাদানগুলোর নির্দিষ্ট সীমা বা থ্রেশহোল্ড নতুন করে ঠিক করতে হবে FSSAI-কে।
চার মাসের সময়সীমা ও বিকল্প উপাদান নিয়ে নজরদারি
চার মাসের মধ্যে প্রয়োজনীয় খসড়া বিধি চূড়ান্ত করার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়ম কার্যকর করার প্রয়োজনীয় পদক্ষেপ করতে FSSAI-কে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে আদালত সতর্ক করেছে যে, শুধু লেবেলিং নয়—খাবারের উপাদান বদলে কৃত্রিম প্রিজারভেটিভ বা অন্য অ্যাডিটিভ ব্যবহার করে সংস্থাগুলো যাতে নিয়ম এড়িয়ে যেতে না পারে, সে দিকেও নজর রাখতে হবে।