‘আমার বই’ থেকে ‘নবপল্লব’, ‘পাতাবাহার’ থেকে ‘নবাঙ্কুর’! কবে থেকে নতুন বই হাতে পাবে পড়ুয়ারা?

রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৭টি পাঠ্যবইয়ের নাম বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সিলেবাস পরিবর্তনের খবর আগেই সামনে এসেছিল, আর এবার তার সঙ্গে যুক্ত হল বইয়ের নাম বদলের সিদ্ধান্ত। আগামী ২ জানুয়ারি, ২০২৭ থেকে নতুন নামে পাঠ্যবই হাতে পাবে পড়ুয়ারা।
কী বললেন শিক্ষামন্ত্রী?
পাঠ্যবইয়ের নাম বদল প্রসঙ্গে স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণ জানান, ছাত্রছাত্রীদের আরও আকৃষ্ট করতে এবং বইগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই নাম পরিবর্তন করা হয়েছে। পড়ুয়ারা নতুন নামগুলো কীভাবে গ্রহণ করে, তা দেখার অপেক্ষায় রয়েছেন তিনি। দীপক বর্মণের দাবি, এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোনও মতামত দেননি, বিরোধিতা বা সেন্সরও করেননি। শিক্ষামন্ত্রী হিসেবে তিনি নিজেও সিলেবাস কমিটিকে কোনও নামের প্রস্তাব দেননি বলে জানান এবং বলেন যে কমিটি নিজেদের আলোচনার মাধ্যমেই এই নামগুলো চূড়ান্ত করেছে।
নতুন বই ও ছাপার প্রস্তুতি
সূত্রের খবর অনুযায়ী, তৃণমূল জমানায় দেওয়া ১৭টি বইয়ের নাম বদলে দিয়েছে বর্তমান সরকার। আগামী ২ জানুয়ারি, ২০২৭—যেদিন থেকে নতুন অ্যাটেনডেন্স সিস্টেমও চালু হওয়ার কথা—সেদিন থেকেই নতুন নামের পাঠ্যবই পাবে ছাত্রছাত্রীরা। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই পড়ুয়াদের হাতে বই তুলে দিতে প্রায় ৩৫০টি টাইটেলের প্রায় ১০ কোটি বই নতুন করে ছাপানোর কাজ চলছে।
কোন বইয়ের কী নতুন নাম?
তৃণমূল সরকারের সময়ে গঠিত সিলেবাস কমিটির অধীনে তৈরি পাঠ্যবইগুলোর পরবর্তীতে সিলেবাসে নানা পরিবর্তন ও সংযোজন আনা হলেও, এবার বইয়ের নামও বদলানো হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম শ্রেণির ‘আমার বই’-এর নতুন নাম হচ্ছে ‘নবপল্লব’। তৃতীয় শ্রেণির ‘পাতাবাহার’ বইটির নাম বদলে রাখা হচ্ছে ‘নবাঙ্কুর’ এবং ষষ্ঠ শ্রেণির ইতিহাস বই ‘অতীত বা ঐতিহ্য’-এর নতুন নাম হচ্ছে ‘প্রাচীন ইতিহাস’।