৬ মাসে পৃথিবীর আলো, এসএনসিইউ-তে টানা ৭৪ দিনের চিকিৎসা! হার মানল সব আশঙ্কা

পৃথিবীর আলো দেখেছিল মাত্র ছয় মাসে; জন্মের সময় ওজন ছিল মাত্র ৬০০ গ্রাম। এতটুকু শরীরে সন্তান আদৌ বেঁচে ফিরতে পারবে কি না—এই উৎকণ্ঠা আর অনিশ্চয়তা নিয়েই দিন কাটিয়েছেন বাবা-মা। অবশেষে ৭৪ দিনের দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পরিচর্যার পর সব আশঙ্কাকে ছাপিয়ে সুস্থ হয়ে মায়ের কোলে চড়ে বাড়ি ফিরল ছোট্ট শিশুটি। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিট বা এসএনসিইউ থেকে ছুটি মেলে তার।

প্রেম, বিয়ে ও কঠিন পরীক্ষা

এই পরিবারের গল্পটাও বেশ আলাদা। সোশাল মিডিয়ায় আলাপ থেকে বন্ধুত্ব, আর সেখান থেকে প্রেম—সেই সূত্রেই কুমারগ্রামের বাসিন্দা অর্পণ ছেত্রীর সঙ্গে পরিচয় হয় কম্বোডিয়ার বাসিন্দা ডেভি ভানাথংগের। চলতি বছরের ১২ মার্চ তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং কুমারগ্রামে নতুন সংসার শুরু করেন।

কিন্তু মাতৃত্বের আনন্দের মাঝেই শুরু হয় কঠিন পরীক্ষা। গর্ভাবস্থার জটিলতায় নির্ধারিত সময়ের অনেক আগেই, মাত্র ছয় মাসের মাথায় কুমারগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে সন্তানের জন্ম দেন ডেভি। জন্মের সময় সদ্যোজাতের ওজন ছিল মাত্র ৬০০ গ্রাম।

৭৪ দিনের জীবনযুদ্ধ ও ঘরে ফেরা

অপরিণত অবস্থায় জন্ম নেওয়া এত কম ওজনের শিশুকে বাঁচিয়ে তোলা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে পরিবার। চিকিৎসকদের পরামর্শে দ্রুত সদ্যোজাতকে নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পৌঁছন অর্পণ ও ডেভি এবং গত ১৩ সেপ্টেম্বর তাকে এসএনসিইউ-তে ভর্তি করা হয়।

একাধিক শারীরিক ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখে চিকিৎসকদের নিরলস পর্যবেক্ষণ এবং নার্স ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিচর্যায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকে শিশুটি। অবশেষে ৭৪ দিনের লড়াই শেষে বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাকে।

নিজের দেশ থেকে বহু দূরে থেকেও সন্তানের নতুন জীবন ফিরে পেয়ে আপ্লুত মা ডেভি। সন্তানকে কোলে নিয়ে হাসপাতাল ছাড়ার সময় আবেগ ধরে রাখতে পারেননি তিনি এবং চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সময়মতো চিকিৎসা ও অদম্য লড়াইয়ে দীর্ঘ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে নিশ্চিন্তে ঘরে ফিরল একরত্তি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *