পদ্ধতিগত ত্রুটি থাকতেই পারে, তাতেই ভারতীয় নন বলা যায় না’ – সাহিদা ফকিরের মামলায় হাইকোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ

পরিবারকে কিছু না জানিয়েই বাংলাদেশি সন্দেহে এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ উঠেছে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বাসিন্দা সাহিদা ফকিরকে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও সিআইডি অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাদেশে পাঠিয়ে (ডিপোর্ট) দিয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর পরিবার।

মহিলাকে দেশে ফেরানোর আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেছেন তাঁর স্বামী। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি আর্যক দত্তের ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া এই মামলার শুনানিতে বৃহস্পতিবার রাজ্য, কেন্দ্র ও মুম্বই পুলিশের তরফে হলফনামা জমা দেওয়া হয়েছে।

পরিবারের আইনজীবীর অভিযোগ, গত ১৯ জুলাই সাহিদাকে আটক করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পরিবারের পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, নথিপত্র খতিয়ে দেখার পর তাঁকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু পরে জানতে পারেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই ২৩ জুলাই সাহিদাকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে।

রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে হলফনামায় জানিয়েছে, মুম্বই পুলিশ তাদের এখনও এই ঘটনা সম্পর্কে কিছু জানায়নি। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, পুলিশের যাচাই প্রক্রিয়ায় কিছু পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে। তবে তার মানেই ওই মহিলা ভারতীয় নাগরিক নন – এমনটা বলা সম্ভব নয়।

আদালত স্পষ্ট করেছে, নথিপত্র যাচাইয়ের পর তিনি অনুপ্রবেশকারী নন বলে প্রমাণিত হলে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি, ১০ দিনের মধ্যে আবেদনকারীকে তাঁদের নথিপত্র সহ পাল্টা হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য এবং কেন্দ্রের দেওয়া হলফনামার পাল্টা জবাব এই সময়সীমার মধ্যেই দিতে হবে মামলাকারীদের।

এই ঘটনা প্রশাসনিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নাগরিক অধিকার নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। একজন ভারতীয় নাগরিককে যথাযথ যাচাই ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ডিপোর্ট করা হলে তা আইনি ও মানবাধিকার দৃষ্টিকোণ থেকে গুরুতর বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। আদালতের নির্দেশ অনুযায়ী এখন নথিপত্র যাচাইয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *