১০ লাখ চাকরি ও মাসে ৫ হাজার ভাতা! ইউপি ভোটের ইস্তেহারে বড় চমক অখিলেশ যাদবের

১০ লাখ সরকারি চাকরি, বেকার যুবকদের মাসে ৫ হাজার টাকা করে ভাতা এবং মহিলাদের অ্যাকাউন্টে ৪০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন সমাজবাদী পার্টির (সপা) সভাপতি অখিলেশ যাদব। পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা, নিখরচায় পড়াশোনা ও গরিবদের জন্য ৫ টাকায় খাবারের ব্যবস্থার কথাও বলা হয়েছে। আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার ২৬ নভেম্বর সংবিধান দিবসে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন অখিলেশ। ইস্তেহারের নাম দেওয়া হয়েছে ‘জন-মন ম্যানিফেস্টো’ ও ‘২৭ কা সংকল্প: পিডিএ কা প্লেজ’। ক্ষমতায় এলে প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
কর্মসংস্থান ও ভাতার ক্ষেত্রে সপা জানিয়েছে, সরকার গড়লে প্রথম ক্যাবিনেট বৈঠকেই ১০ লাখ সরকারি চাকরির প্রস্তাব অনুমোদন করা হবে। পাঁচ বছরে রাজ্যে ২৫ লাখ সরকারি চাকরি এবং ২ থেকে ৩ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্য নেওয়া হয়েছে। চাকরি না পাওয়া পর্যন্ত বেকার যুবকদের প্রতি মাসে ৫ হাজার টাকা আর্থিক ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া সরকারি ও বেসরকারি চাকরির সন্ধানে সহায়তা, স্কলারশিপ, স্কিল ট্রেনিং, স্টার্টআপের প্রসার এবং শহরতলি কর্মসংস্থান গ্যারান্টি আইন চালুর প্রতিশ্রুতিও রয়েছে ইস্তেহারে।
শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণ খাতে গরিব মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা এবং নিখরচায় পড়াশোনার প্রতিশ্রুতি দিয়েছে সমাজবাদী পার্টি। কৃষকদের সময়মতো আর্থিক সহায়তা এবং সাধারণ ও গরিব মানুষের জন্য ৫ টাকায় খাবারের ক্যান্টিন চালুর কথাও বলা হয়েছে। রাজ্যে বন্ধ হয়ে যাওয়া স্কুল পুনরায় চালু করা, পড়ুয়াদের ল্যাপটপ দেওয়ার পাশাপাশি ক্ষমতায় এলে পুরনো পেনশন স্কিম ফের চালুর প্রতিশ্রুতিও দিয়েছে দলটি।
মহিলাদের জন্য সরাসরি আর্থিক সহায়তার ঘোষণা করে সপা জানিয়েছে, ক্ষমতায় এলে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪০ হাজার টাকা দেওয়া হবে। একইসঙ্গে রাজ্যের শিল্পীদের জন্যও ৪০ হাজার টাকার পেনশনের কথা বলা হয়েছে।
নারী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতিতে উত্তর প্রদেশে এআই ল্যাব এবং স্মার্ট পুলিশিং সিস্টেম চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি ১১০ হেল্পলাইন নম্বর আরও সক্রিয় ও কার্যকর করে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সমাজবাদী পার্টি।