‘লাল বই নিয়ে ঘোরেন কিন্তু এক লাইনও পড়েননি!’-রাহুল গান্ধীকে তীব্র নিশানা জেপি নাড্ডার

গুজরাটের আহমেদাবাদে ‘সংবিধান গৌরব দিবস’ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সংবিধান প্রণেতাদের শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ শানালেন।
নাড্ডা বলেন, “আজ আমরা সকলে সংবিধান গৌরব দিবস উপলক্ষে একত্রিত হয়েছি। এই দিনটি আমাদের সংবিধানের বৈশিষ্ট্য এবং সংবিধান সভার অক্লান্ত পরিশ্রমের কথা মনে করিয়ে দেয়। ‘ভারতরত্ন’ ড. ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে তৈরি আমাদের সংবিধান দেশ পরিচালনার পথনির্দেশক। এত সুন্দর ও শক্তিশালী সংবিধান দেওয়ার জন্য আমি বাবা সাহেব আম্বেদকর ও সংবিধান সভার সব সদস্যকে প্রণাম জানিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।”
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “আমরা সকলে আজ ২৬ নভেম্বর ‘সংবিধান দিবস’ পালনের জন্য এখানে জড়ো হয়েছি। এই উপলক্ষ্যে আমাদের সংবিধানের গভীরতা ও তার অনন্য বৈশিষ্ট্যগুলো স্মরণ করা উচিত এবং ভেবে দেখা উচিত যে কীভাবে সংবিধান সভা আমাদের দেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালনার রূপরেখা তৈরি করেছিল।”
তাঁর কথায়, “আমরা যখন সংবিধানের কথা বলি, তখন আসলে এটি কী এবং আমাদের কাছে এর অর্থ কী? ড. আম্বেদকর বলেছিলেন যে এটি কেবল একটি নথি নয়। আমাদের বোঝা উচিত এই বইটি তৈরি করতে কত কঠোর পরিশ্রম হয়েছে। এই বই আমাদের জন্য পথপ্রদর্শক নীতির কাজ করে এবং দেশ চালানোর ভিত্তি জোগায়। আমরা সৌভাগ্যবান যে বাবা সাহেব আম্বেদকর ও সংবিধান সভা আমাদের এত চমৎকার সংবিধান দিয়েছে।”
এই মঞ্চ থেকেই রাহুল গান্ধীকে নিশানা করেন জেপি নাড্ডা। তিনি বলেন, “আপনি এই লাল বই নিয়ে ঘুরে বেড়ান, কিন্তু এর একটি শব্দও পড়েননি। আপনি এটাও জানেন না যে এটি কোথা থেকে শুরু হয় এবং কোথায় শেষ হয়। আমি ড. ভীমরাও আম্বেদকরের কথা বলতে চাই। তিনি সংবিধান সভার খসড়া কমিটির সভাপতি হয়েছিলেন।”
অনুষ্ঠানে ২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলার শহিদদেরও শ্রদ্ধা জানান নাড্ডা। তিনি বলেন, “১৮ বছর আগে ২৬/১১ মুম্বইয়ে হওয়া সন্ত্রাসী হামলার কথা আজও দেশ ভোলেনি। তৎকালীন সরকার সন্ত্রাসবাদের কড়া জবাব দেয়নি, কিন্তু আমাদের বীর জওয়ানরা অদম্য সাহস দেখিয়ে পণবন্দিদের বাঁচিয়েছেন এবং দেশ রক্ষায় সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। আজ আমরা সব শহিদকে গভীর শ্রদ্ধা জানাই।”
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এও পোস্ট করে তিনি লেখেন, “ভারতের গণতন্ত্রের ঐক্য, অখণ্ডতা ও প্রগতিশীলতার ভিত্তি আমাদের সংবিধানকে উৎসর্গীকৃত ‘সংবিধান দিবস’-এর আন্তরিক শুভেচ্ছা জানাই সব দেশবাসীকে। ভারতীয় সংবিধান সর্বোচ্চ মানবিক মূল্যবোধ, গণতান্ত্রিক আদর্শ, অধিকার ও কর্তব্যের প্রতীক। বাবা সাহেব ড. ভীমরাও আম্বেদকর ও সংবিধান প্রণেতাদের অবদানের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬ নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন।”