মার্চেন্ট নেভি অফিসারের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন মিমি? বিয়ের কার্ড ভাইরাল হতেই শোরগোল

বিয়ের মরশুমে টলিউড জুড়ে ফের বাজল বিয়ের সানাই। অভিনেত্রী মিমি চক্রবর্তী বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় আইনি বিয়ে সারছেন বলে টলিউড সূত্রে খবর। জানা গিয়েছে, পাত্র সিদ্ধার্থ দত্ত, যিনি পেশায় একজন মার্চেন্ট নেভি অফিসার। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর এবার নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন মিমি ও সিদ্ধার্থ।

সূত্রের খবর অনুযায়ী, ২৬ নভেম্বর সন্ধ্যায় একেবারে ঘরোয়া পরিবেশেই আইনি বিয়ে ও আশীর্বাদ পর্ব সারছেন তাঁরা। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবারের ঘনিষ্ঠজন এবং মিমির কাছের বন্ধুবান্ধব। তবে এই বিয়ে নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। এদিকে, মিমি চক্রবর্তীর রেজিস্ট্রি ম্যারেজের কার্ড ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কার্ডে ২৬ নভেম্বরের উল্লেখ থাকলেও কলকাতার ঠিক কোথায় বা কোন সময়ে এই আইনি বিয়ে হচ্ছে, তা স্পষ্টভাবে জানাননি তিনি।

কলকাতায় পারিবারিক ও আইনি পর্ব সেরে আগামী মাসেই পাহাড়ে সামাজিক বিয়ের আসর বসাবেন মিমি ও সিদ্ধার্থ। টলিউড সূত্রে খবর, ২ ডিসেম্বর তাঁরা শহর ছাড়বেন এবং ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত কালিম্পংয়ে চলবে বিয়ের অনুষ্ঠান। সঙ্গীত, মেহেন্দি থেকে শুরু করে মালাবদল ও সিঁদুরদান—সব আয়োজনই হবে পাহাড়ের কোলে।

উত্তরবঙ্গের মেয়ে মিমির বিয়ে ঘিরে জলপাইগুড়ির পান্ডাপাড়ায় আত্মীয়স্বজনদের মধ্যেও প্রস্তুতি তুঙ্গে রয়েছে। বিয়ের সাজপোশাক বা অন্যান্য খুঁটিনাটি নিয়ে হবু বর-কনে মুখে কুলুপ রাখলেও কালিম্পংয়ের এই অনুষ্ঠানে টলিউড ও সিনে জগতের ঘনিষ্ঠদের উপস্থিত থাকার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *