ডিউটি আওয়ার্স ও হাসপাতালের পরিবেশ নিয়ে প্রশ্ন! চিকিৎসকদের মিছিল ঘিরে সরব বিজেপি বিধায়ক

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে গণ্ডগোলের ঘটনার প্রতিবাদে আজ মিছিলের ডাক দিয়েছিল মেডিক্যাল কলেজ স্টুডেন্টস ইউনিয়ন। এদিকে চিকিৎসকদের এই মিছিলে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। তবে অনুমতি না মিললেও শেষ পর্যন্ত মিছিল হয়েছে; গলায় স্টেথো ও হাতে জাতীয় পতাকা নিয়ে ফের রাজপথে দেখা গিয়েছে চিকিৎসকদের।
এই মিছিল এবং পুলিশের অনুমতি না দেওয়ার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তাঁর বক্তব্য, চিকিৎসকরা অনুমতি চেয়েছেন এবং এটি গণতান্ত্রিক অধিকার, তবে তা ডিউটি আওয়ার্সে হচ্ছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। পাশাপাশি মেডিক্যাল কলেজ থেকে মিছিল বেরোলে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ও পরিস্থিতির কতটা সমস্যা হতে পারে, তা-ও বিবেচনার বিষয় বলে মন্তব্য করেছেন তিনি।
সজল ঘোষ আরও বলেন, অনুমতি পাওয়া যায়নি মানে হয়তো নির্দিষ্ট ওই জায়গা বা নির্দিষ্ট ওই সময়টার জন্য মেলেনি; অন্য সময় বা অন্য জায়গার জন্য চাইলে হয়তো পাওয়া যেত। আইনশৃঙ্খলা ভঙ্গ হলে পুলিশ সবার ক্ষেত্রেই ব্যবস্থা নেবে বলে উল্লেখ করে তিনি জানান, এটাই পরিবর্তন। তাঁর মতে, পুলিশ অনুমতি না দিলেও গণতান্ত্রিক ব্যবস্থায় হস্তক্ষেপ করেনি; বরং মিছিল এগোনোর সময় পুলিশ কর্ডন করে রেখে দেওয়ার মতো পরিস্থিতিই তৈরি হয়েছে।