এনআরএস হাসপাতালের এক্স-রে ঘরের ছাদ থেকে খসে পড়ল চাঙড়! বেরিয়ে এল লোহার রড, বড়সড় বিপত্তি এড়াল

কলকাতার এনআরএস (NRS) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইউএনবি (UNB) ভবনে ফের নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠল। বৃহস্পতিবার ভবনের একতলায় রেডিয়োলজি বিভাগের ১০০ নম্বর ঘরের ছাদ থেকে আচমকাই চাঙড় খসে পড়ে এবং ঢালাইয়ের লোহার রড ও বিম বেরিয়ে আসে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই ঘটনায় কেউ আহত হননি।

যে ঘরে চাঙড় ভেঙে পড়েছে, সেখানে হাসপাতালের নিজস্ব এক্স-রে পরিষেবা চালু থাকায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। প্রকাশ্যে আসা ঘটনার একটি ভিডিয়োতে দেখা গেছে, ছাদের বেশ খানিকটা অংশ ভেঙে মেঝেতে পড়ে রয়েছে এবং ঘরের মেঝে জুড়ে ছড়ানো ভাঙা চাঙড়ের টুকরো। সংশ্লিষ্টদের মতে, দুর্ঘটনার সময় ওই ঘরে রোগী বা টেকনিশিয়ান থাকলে গুরুতর চোট লাগার সম্ভাবনা ছিল।

সূত্রের খবর, এনআরএস হাসপাতালের ইউএনবি ভবনের পরিকাঠামোগত দুর্বলতা নিয়ে পূর্ত দফতর আগেই সতর্ক করেছিল। সেই পরামর্শ অনুযায়ী ভবনটি ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে একতলা থেকে পাঁচতলা পর্যন্ত বিভিন্ন বিভাগ প্রশাসনিক কার্যালয়ের উল্টোদিকের ঘরগুলিতে সরিয়ে নেওয়া হয়েছে। তবে নতুন জায়গায় এক্স-রে যন্ত্র বসানোর ক্ষেত্রে পরিকাঠামোগত জটিলতা থাকায় ১০০ নম্বর ঘর থেকেই পরিষেবা চালু রাখা হয়েছিল। ভবনের বর্তমান অবস্থা বিবেচনা করে দ্রুত ভাঙার কাজ শুরুর দাবি তুলেছেন হাসপাতাল কর্মীদের একাংশ, নইলে আরও বড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা তাঁদের।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এনআরএস মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক পুলস্থ্য আচার্য। তিনি জানান, কয়েক মাস আগে সিসিইউ-এর (CCU) চাঙড় ভেঙে পড়ার পর ফের এক্স-রে কক্ষের ছাদ খসে পড়ল, যা একপ্রকার ঝুঁকির মধ্যেই কাজ চালানোর শামিল। কেবল পরিদর্শনে সীমাবদ্ধ না থেকে ঘাটতি মেটাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *