আগের সব চরিত্রের থেকে একেবারে আলাদা: আদর্শ ‘প্রেম’ হয়ে কী বললেন আয়ুষ্মান খুরানা?

আগামীকাল অর্থাৎ ২৭ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে সূরজ বরজাতিয়ার নতুন ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’। এই ছবিতে আইকনিক ‘প্রেম’ চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। সততা, দয়া ও আদর্শ মানসিকতায় গড়া এই চরিত্রটি তাঁর আগের সমস্ত কাজের থেকে সম্পূর্ণ আলাদা বলে জানিয়েছেন অভিনেতা।
এক বিবৃতিতে আয়ুষ্মান জানান, পর্দায় বাস্তবধর্মী বা ত্রুটিপূর্ণ চরিত্রের পাশাপাশি এমন নায়কেরও আলাদা আবেদন রয়েছে, যে নিজের আগে অন্যের কথা ভাবে এবং মন থেকে কাজ করে। তাঁর মতে, সূরজ বরজাতিয়ার গল্প বলার সরলতা দর্শকদের মানুষের সম্পর্কের ওপর নতুন করে বিশ্বাস জোগাবে।
বর্তমান সময়ের অস্থিরতা ও বিভাজনের প্রেক্ষাপটে সূরজ বরজাতিয়ার ছবির প্রাসঙ্গিকতার কথাও তুলে ধরেন আয়ুষ্মান। তিনি বলেন, পৃথিবী যখন ক্রমশ চরমপন্থার দিকে এগোচ্ছে, তখন এই চরিত্রটি মনে করিয়ে দেয় যে ভালো মানুষ হওয়াটাও কতটা জরুরি। সহানুভূতি ও মানবিক মূল্যবোধকে উদযাপন করা এই গল্পের সঙ্গে দর্শকরা সহজেই নিজেদের যুক্ত করতে পারবেন বলে আশাবাদী তিনি।
নিজের কেরিয়ারের আগের চরিত্রগুলোর সঙ্গে ‘প্রেম’-এর পার্থক্য ব্যাখ্যা করতে গিয়ে আয়ুষ্মান জানান, এতদিন তাঁকে মূলত সাধারণ ও ত্রুটিপূর্ণ মানুষের ভূমিকাতেই বেশি দেখা গেছে, যা বাস্তব পৃথিবীকে তুলে ধরত। কিন্তু ‘প্রেম’ এমন এক চরিত্র, যা দেখায় পৃথিবীটা কেমন সুন্দর হতে পারত। পরিবার, ভালোবাসা ও একতার বার্তা নিয়ে ২৭ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ইয়ে প্রেম মোল লিয়া’।